October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঝিনাইদহে নিখোঁজ জামায়াত নেতার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃঝিনাইদহের হরিণাকুন্ডুর নিখোঁজ জামায়াত নেতা মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলী ওরফে পান্না হুজুরের (৫৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার জোড়াপুকুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইদ্রিস আলী একই উপজেলার রঘুনাথপুর গ্রামের কওসার আলীর ছেলে। পুলিশের দাবি তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, তিনি গত ৪ আগস্ট পাশের উপজেলা শৈলকুপার রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে নিখোঁজ হন। তার বিরুদ্ধে পুলিশ সদস্য হত্যা ও নাশকতা সৃষ্টিসহ সাতটি মামলা রয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ হরিণাকুন্ডু-ঝিনাইদহ সড়কের জোড়াপকুরে জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখে। এ সময় লাশের পাশে তার মোটরসাইকেলটি পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

ওসি আরো জানান, নিহত ইদ্রিস আরী স্থানীয় জামায়াত নেতা ও রঘুনাথপুর হোসেন আলী আলিম মাদ্রাসার শিক্ষক ও বিবাহ রেজিস্ট্রার ছিলেন।

তিনি পুলিশ সদস্য ওমর ফারুক হত্যা ও নাশকতাসহ একাধিক মামলার আসামি। তার নিখোঁজ হওয়ার ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।

অন্যদিকে নিহত ইদ্রিস আলীর স্ত্রী গত ৯ আগস্ট ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জানান, তার স্বামীকে গত ৪ আগস্ট শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে ফেরার সময় রাত ৮টার দিকে সাদা পোশাকধারী লোকজন মোটরসাইকেলসহ তুলে নিয়ে যায়। এর পর থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ নেওয়া হয়নি।