ডেস্ক : বাংলাদেশের শ্রমিক নেওয়ার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। এর ফলে দীর্ঘ ৬ বছর পর আবার বাংলাদেশি শ্রমিকরা সৌদি আরব যেতে পারবে। বুধবার এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
সৌদি গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।
জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের দুই মাসের মাথায় এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সৌদি আরব। সফরে প্রধানমন্ত্রী সব ধরনের কাজ বাংলাদেশি শ্রমিকদের ভিসা পুনরায় চালুর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
আরব নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মশি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে বাংলাদেশের শ্রমিকদের জন্য একটি সুখবর বলে জানিয়েছেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় দুই পবিত্র মসজিদের দায়িত্বে থাকা বাদশাহ সালমানের প্রতি আমরা কৃতজ্ঞ।
গোলাম মশি জানান, নতুন এই সিদ্ধান্তের ফলে সব ধরনের কাজে বাংলাদেশি দক্ষ ও অদক্ষ শ্রমিকরা কাজ করতে পারবেন সৌদি আরবে। চিকিৎসক, সেবিকা, শিক্ষক, কৃষি ও নির্মাণখাতে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই।
বাদশাহ সালমান বাংলাদেশের সুদিন ও দুর্দিনে সব সময় পাশে থেকেছেন বলে আরব নিউজকে জানান গোলাম মশি।
বর্তমানে সৌদি আরবে ১৩ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এদের মধ্যে ৬০ হাজার নারী গৃহকর্মী রয়েছেন। গোলাম মশি জানান, জুন থেকে পুরুষ গৃহকর্মীদের ভিসা দেওয়া শুরু হয়েছে। এরপর থেকে নিয়মিতই সৌদি আরবে বাংলাদেশিরা যাচ্ছেন। প্রতিমাসে অন্তত ৬ হাজার বাংলাদেশি নারী গৃহকর্মী সৌদি আরবে যাচ্ছেন। তিনি বলেন, সৌদি আরবে কাজ করার জন্য শ্রমিকদের আমরা ৪৮টি শ্রেণিতে ভাগ করেছি।

এ বিভাগের আরো..
রোজাদারের ইফতার নিয়ে প্রবাসীর দুয়ারে বাংলাদেশ দুবাই কনসুলেট
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী