October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

১৭ আগস্ট শিশির মঞ্চে অন্যরকম সাংস্কৃতিক সন্ধ্যা

ডেস্ক : হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব – দেবব্রত বিশ্বাসের গাওয়া গান ও সাথে কবিতার মধ্য দিয়ে সোনালী সুদিনের প্রত্যাশা প্রতিধ্বনিত হওয়ার মধ্য দিয়ে যেন শিশিরের আবরণে সিক্ত হতে যাচ্ছে কলকাতার শিশির মঞ্চ। দেবব্রত বিশ্বাসের একশো পাঁচতম জন্মদিনের প্রাক্কালে দুই বাংলার অভিনব প্রয়াস দেবব্রত বিশ্বাস স্মরণ কমিটির। একদিকে সামগ্রিক বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে রবীন্দ্র চেতনার ছোঁয়া চিরচেনা মানুষের সুরে আবারও একটু নতুন করে ছড়িয়ে দেয়া সকলের মনে। অন্যদিকে গানে ও কবিতায় বর্ষাকে এবারের মতো বিদায় জানানো। এইসাথে থাকছে বিশেষ দুটি সিডির মোড়ক উন্মোচন।
চিরচেনা এই মানুষটি আর কেউ নন, শিল্পী দেবব্রত বিশ্বাস, সকলেই যাঁকে জর্জ দা বলে একনামে চেনেন। আগামী ১৭ আগস্ট, ২০১৬ অন্যরকম এই সাংস্কৃতিক সন্ধ্যাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতার শিশির মঞ্চে বিকেল ৫:৩০ টা থেকে।
অনুষ্ঠানে দেবব্রত বিশ্বাস স্মরণ কমিটির সভাপতি তুষার তালুকদারের প্রাক্ কথনের পর দেবব্রত বিশ্বাস স্মারক বক্তৃতা প্রদান করবেন প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব কর্ণাটক সরকার অধীপ চৌধুরী। দেবব্রত বিশ্বাসের অপ্রকাশিত গানের দুটি সিডিও প্রকাশিত হবে এ অনুষ্ঠানে। একটি দেবব্রত বিশ্বাসের একক এবং দ্বৈত কণ্ঠে অপ্রকাশিত রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের সংকলন। ‘কি অমৃত তুমি’ পূজা পর্যায়ের গানের সংকলন এই এ্যালবামে ৪৬টি গানের মধ্যে পূরবী মুখোপাধ্যায় ও বনানী ঘোষের সঙ্গে দেবব্রত বিশ্বাসের গাওয়া দ্বৈত রবীন্দ্রসংগীত উল্লেখযোগ্য। একক সংগীতের মধ্যে শোনা যাবে সর্ব খর্ব তারে দহে, আমার এ ঘরে আপনার করে। ‘সব শেষ সঞ্চয়’ সিডিতে থাকবে রবীন্দ্রনাথের ও আধুনিকসহ ৩৫টি গান। এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল – ১৯৫৭ সালে কণিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেবব্রত বিশ্বাসের গাওয়া দ্বৈত সংগীত। এছাড়াও রয়েছে থামাও রিমিকি ঝিমিকি বরিষণ হে শ্রাবণ, তোমাদের দান যশের ডালায়, হারীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের লেখা হিন্দি চিনি ভাই ভাই, হেমাঙ্গ বিশ্বাসের কথা ও সুরে মাউন্টব্যাটেন মঙ্গল কাব্য এবং দেবব্রত বিশ্বাসের সহকর্মী নবেন্দু চৌধুরীর লেখায় ও দেবব্রত বিশ্বাসের সুরে চরণে তোমার দাও মোর ঠাঁই। সিডি দুটির মোড়ক উন্মোচন করবেন শিল্পী পূরবী মুখোপাধ্যায় এবং বাংলাদেশের শিল্পী হামিদা হক।
অনুষ্ঠানে ‘থামাও রিমিকি ঝিমিকি’ শিরোণামে রবীন্দ্রনাথের বর্ষা বিদায়ের গান পরিবেশন করবেন স্বনামধন্য শিল্পী পূবালী দেবনাথ, রেখা চক্রবর্ত্তী, শ্রেয়া গুহ ঠাকুরতা ও শৌনক চট্টোপাধ্যায়। এছাড়া দেবব্রত বিশ্বাসের গান শেখানোর ধারা বিষয়ে আলোকপাত করবেন শিবাজী পাল। বর্ষার উপর স্বনামধন্য কবিদের কবিতা থেকে পাঠ করবেন বাংলাদেশের বাচিক শিল্পী ডালিয়া দাস এবং বিধান চন্দ্র পাল। অনুষ্ঠান সঞ্চালনা করবেন তাপস চৌধুরী।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে, রবীন্দ্র সংগীতের ভুবনে দেবব্রত বিশ্বাস এক অনন্য নাম। যাঁদের কণ্ঠের মাধ্যমে রবীন্দ্রনাথের গান পঞ্চাশের দশক থেকে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে, তাঁদের মধ্যে তিনিই অন্যতম। ২০১২ সালে দেবব্রত বিশ্বাসের জন্মশতবর্ষে দেবব্রত বিশ্বাস স্মরণ কমিটি’র যাত্রা শুরু হয়। সেই সময় থেকে প্রত্যেক বছরই নানামুখি আয়োজনের মধ্য দিয়ে দেবব্রত বিশ্বাসকে স্মরণ করা হয়ে আসছে। সেই আয়োজনের মাত্রা সম্প্রতি এপার বাংলা ছাপিয়ে ওপার বাংলাতেও ছাপ ফেলেছে। ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে দেবব্রত বিশ্বাসকে ঘিরে সম্প্রতি প্রথমবারের মতো আয়োজনের মধ্য দিয়ে তাঁকে নিয়ে দুই বাংলার অনন্য একটি মেলবন্ধনও রচিত হয়েছে।
১৭ আগস্টে অনুষ্ঠিতব্য অন্যরকম এই সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে অংশগ্রহণের জন্য ৯৩৩০২৯৭৯৪৬ নম্বরে পূর্বে থেকে উপস্থিতি নিশ্চিত করার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। বিজ্ঞপ্তি