October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বাড়ি মালিকদের হোল্ডিং ট্যাক্সের নোটিশের কার্যকারিতা স্থগিত

আদালত প্রতিবেদক : ঢাকা মহানগরীর বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স প্রদানে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দেওয়া নোটিসের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই নোটিস কেন বাতিল করা হবে না, তা জানতে রুলও জারি করা হয়েছে।

দুই সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার সচিবসহ ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা নাসিম জামান ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা পারভীন হাসান নামের দুই ব্যক্তির করা রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৯ আগস্ট) বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এম ফারুক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারির পক্ষে ছিলেন ব্যারিস্টার মুকতাদির রহমান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

পরে ব্যারিস্টার মুকতাদির রহমান সাংবাদিকদের বলেন, বাড়ি মালিকদের হোল্ডিং ট্যাক্স নিয়ে দুই সিটি কপোরেশনের(উত্তর–দক্ষিণ) দেওয়া নোটিসের কার্যকারিতা স্থগিত করা হয়েছে ও রুল জারি করা হয়েছে। তবে এ আদেশ প্রাথমিকভাবে রিটকারিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

গত ১৭ ও ২০ জুলাই এই দুই বাড়ির মালিককে এ নোটিস দেওয়া হয়। ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার তারা হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

রিটে বলা হয়, মিউনিসিপ্যাল করপোরেশন (ট্রাক্সসেশন) রুলস ১৯৮৬ আইনটি ২০০৯ সালে বাতিল হয়ে যায়। পরবতীতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ করা হয়। নতুন আইনে ট্যাক্স আদায়ে কোনো বিধান রাখা হয়নি। কিন্তু নাগরিকদের ২০০৯ সালের পুরনো আইন অনুযায়ী নোটিস দেওয়া হয়। যার কোনো আইনি ভিত্তি নেই। আদালত শুনানি শেষে নোটিসের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন।