নিজস্ব প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ ৮টি পৌরসভায় সাধারণ ও একটিতে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ।
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, এসব পৌরসভা নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসব এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট কেন্দ্রে কেন্দ্রে শনিবার রাতের মধ্যেই ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে।
শুক্রবার মধ্যরাত থেকে সব ধরণের নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। তারা থাকবেন ভোটের পরের দিন পর্যন্ত। এছাড়া ভোট উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় রোববার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে শুধু ভোটের দিন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন বলে জানান আসাদুজ্জামান।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনসহ মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদেও এ দিন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, ৯ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী রয়েছে। বিএনপি ৭ টিতে তাদের দলীয় মেয়র প্রার্থীর মনোনয়ন দিয়েছে।
শরীয়তপুরের নড়িয়ায় মেয়র পদে উপ-নির্বাচন ও নীলফামারীর ডোমার পৌরসভায় বিএনপির কোনো প্রার্থী নেই। আর জাতীয় পার্টি (জাপা) শুধুমাত্র দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় তাদের প্রার্থী দিয়েছে। এছাড়া স্বতন্ত্র হিসেবে ২১ জনসহ এ নির্বাচনে মেয়র পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৯ জন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৩৭ ও সংরক্ষিত সদস্য পদে ৮২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নীলফামারীর ডোমার পৌরসভার ৪ নং ও পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ২ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলেও ইসি সূত্রে জানা গেছে।
এসব পৌরসভার ৯১টি ভোটকেন্দ্রের ৫১৯টি ভোট কক্ষে ১ লাখ ৬৯ হাজার ৩৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত