October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিএনপির সঙ্গে কোনো ঐক্য নয়

নিজস্ব প্রতিবেদক: জঙ্গি ও সন্ত্রাসের মদদদাতা বিএনপির সঙ্গে কোনো ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

রোববার সকালে শিল্পকলা একাডেমিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোটেই জঙ্গি-সন্ত্রাস লালনকারী দল রয়েছে। অথচ তারাই জঙ্গি-সন্ত্রাস দমনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আসছে, এটা ভাওতাবাজি ছাড়া কিছুই নয়।

তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ ইস্যুতে জনগণ ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গেছে। ফলে একই ইস্যুতে জঙ্গি-সন্ত্রাসের মদদদাতা বিএনপির সঙ্গে কোনো আলোচনা বা ঐক্যের প্রয়োজন নেই।

এ সময় বিএনপিকে জামায়াতসহ জঙ্গি লালনকারী দলগুলোকে জোট থেকে বের করে দেয়ার আহবান জানান মোশারফ হোসেন।

পরে বঙ্গমাতার ওপর যুবলীগের সংবাদচিত্র প্রদশর্নী ঘুরে দেখেন  গণপূর্তমন্ত্রী।

যুবলীগের প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ,প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, ফজলুল হক আতিক, দফতর সম্পাদক কাজি আনিসুর রহমান,কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।