নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য সাংবাদিক নেতা শওকত মাহমুদকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। যে দিন যাবেন সে দিন থেকে ৪০ দিন তিনি দেশের বাইরে অবস্থান করতে পারবেন বলেও আদেশ দেন আাদালত।
তার করা এক আবেদনের প্রেক্ষিতে সোমবার (০১ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন এম মাসুদ রানা ও মোস্তাফিজুর রহমান।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
পরে আইনজীবী এম মাসুদ রানা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা আদালতে বলেছি, শওকত মাহমুদ ডায়াবেটিস, পিঠে ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছেন। এর আগে তিনি থাইল্যান্ডে প্রতি তিন মাসে একবার চেকআপ করাতে যেতেন। কিন্তু দীর্ঘদিন কারাগারে থাকায় তার শারীরিক চেক-আপ করানো সম্ভব হয়নি।
আমরা আরও উল্লেখ করেছি, যেহেতু তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। তাই বিদেশ যাওয়ার আগে বিষয়টি আদালতকে অবহিত করা দরকার। সে জন্য বিচারিক আদালতে গত ১৭ জুলাই একটি আবেদন করি। কিন্তু সেই আবেদন নামঞ্জুর হলে আমরা ২৮ জুলাই তার বিরুদ্ধে হাইকোর্টে আসি। সেই আবেদনের ওপর হাইকোর্টে গতকাল শুনানি হয়। পরে সোমবার আদালত এই আদেশ দেন।
প্রায় ১০ মাস কারাবন্দি থাকার পর সব মামলায় জামিন পাওয়ায় শওকত মাহমুদ গত ২২ জুন জামিনে মুক্তি পান।
প্রসঙ্গত, শওকত মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর একাংশের সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিভাগের আরো..
শুধুমাত্র নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে চালানোর অনুমতি দেওয়া হবে : আরাফাত
গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সমাজের জন্য অনুসন্ধানী রিপোর্টিং খুবই প্রয়োজন : তথ্যমন্ত্রী