October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কল্যাণপুরে পুলিশী অভিযানে ৯ জন ‘জঙ্গি’ নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে পুলিশের অভিযানে ৯ জন নিহত হয়েছে। পুলিশের দাবি অভিযান চালানো বাড়িটিতে জঙ্গি আস্তানা ছিল এবং অভিযানে নিহত ৯ জন জঙ্গি দলের সদস্য। পুলিশ ওই অভিযানকে অপারেশন স্টর্ম-২৬ নাম দিয়েছে। পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান এই খবর নিশ্চিত করে জানান, জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
র‌্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অংশ নেন অভিযানে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের মুহুর্মূহু গুলির শব্দ শোনা যায়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনে ঢোকার সময় পুলিশের গুলিতে এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। আরেকজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে কল্যাণপুর ৫ নম্বর সড়কে ওই ভবনে ঢোকার চেষ্টা করে পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, কল্যাণপুর মেইন রোড থেকে ৫ নম্বর রোডের চারপাশে এক- দেড় কিলেমিটার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক গাড়ি মোতায়েন করা হয়। তখন জানানো হয় ভোরের সূর্য উঠলেই অভিযান শুরু হবে।
সোমবার মধ্যরাতে অভিযান চালানোর সময় পুলিশের সাথে গোলাগুলির পর কল্যানপুরের ঐ বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ।
ভোর ৬ টার আগে অভিযান শুরু হয়ে প্রায় এক ঘন্টাব্যাপী একটি অভিযানে বাড়ির ভেতরে থাকা ৯ জন ‘জঙ্গি সদস্যের’ সবাই নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর অঞ্চলের উপ পুলিশ কমিশনার জানিয়েছেন মাসুদ আহমেদ জানিয়েছেন, সেখানে সারারাত ধরে গোলাগুলি চলেছে।
তিনি জানান, মধ্যরাতে পুলিশ একটি নিয়মিত রেইডে বের হলে তারা হঠাৎ আক্রমনের শিকার হন। পুলিশ পাল্টা গুলি ছুড়লে তারা কল্যানপুরের ঐ বাড়িটি থেকে পুলিশের দিকে গুলি ছুড়তে থাকে।জঙ্গিরা হাতবোমা ও গ্রেনেডও ছুড়েছে বলে জানান মাসুদ আহমেদ।
রাতেই কল্যানপুরে পুলিশের বিশেষ বাহিনি সোয়াট ও আশপাশের সবগুলো থানা থেকে পুলিশ এসে যোগ দেয়।
ভোর সাড়ে পাচটার সামান্য পরে সোয়াটসহ পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যরা অভিযান শুরু করে যার নাম দেয়া হয়েছে ‘অপারেশন স্টর্ম টুয়েন্ট সিক্স’।
পুলিশ বলছে, অভিযানে বাড়িতে অবস্থানকারী সকল ব্যক্তি মোট ন’জন নিহত হয়েছেন।
অভিযানের পর ভেতরে তল্লাশি চালানো হচ্ছে। বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিস্পোজাল টিমও কাজ করছে। বাড়িটি থেকে কিছু গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
রাতে ঘটনাস্থল থেকে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পুলিশ ধারণা করছে নিহতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের সদস্য।
এই অভিযানের পর পুলিশ প্রধান একেএম শহিদুল বলেছেন, গুলশানের হামলাকারীদের সাথে কল্যাণপুরে নিহত সন্দেহভাজন জঙ্গিদের মিল রয়েছে।

‘জাহাজ বিল্ডিং ’ নামে পরিচিত ভবনটিতে যা আছে
রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর রোডের ৫ নম্বর ভবনটি জাহাজ বিল্ডিং নামেই পরিচিত। পাঁচ তলা এই ভবনের দোতলায় থাকেন বাড়িওয়ালা। তিনতলা ফ্যামিলি ভাড়া দেওয়া। চার ও পাঁচ তলায় মেস। ভবনটির প্রতি তলায় ৪টি করে ইউনিট রয়েছে। রোজার ঈদের পর এই ৫ তলায় ভাড়া নেয় জঙ্গিরা।

নিরাপত্তার স্বার্থে কল্যাণপুরের ২৭ স্কুল বন্ধ রাখার আহ্বান পুলিশের
এদিকে,  ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে কল্যাণপুর এলাকায় অবস্থিত ২৭টি স্কুল আজ মঙ্গলবারের জন্য বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
হলি ক্রিসন্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক এম আহমেদ খান জানান, সকাল বেলা থেকে অভিভাবকরা বারবার ফোন করে জানতে চাচ্ছিল যে, তারা সন্তানদের স্কুলে পাঠাবে কিনা। এরপর আমরা স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলে আজকের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছি।