সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দু’টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার জালালাবাদ ইউনিয়নের একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার রাত দেড়টার দিকে এ সংঘর্ষ হয়। গুলিবিদ্ধরা অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
গুলিবিদ্ধরা হলেন—সাতক্ষীরা সদর উপজেলার ঘরছালা গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে রমজান আলী মোল্লা (৩৩) ও কলারোয়া থানাধীন মাদরা গ্রামের শুকুর আলী সরদারের ছেলে মফিজুল ইসলাম (২৬)।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বুধবার (১৩ জুলাই) জানান, রাতে একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবৈধ অস্ত্র বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় অস্ত্র ব্যবসায়ীদের ছোড়া বোমার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে দুই অস্ত্র ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ অস্ত্র ব্যবসায়ীদের পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২