October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নাইকো মামলায় খালেদার লিভ টু আপিলের শুনানি ৩১ জুলাই

khaআদালত প্রতিবেদক : দুদকের করা নাইকো মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানির দিন আগামী ৩১ জুলাই ধার্য করেছে আদালত। উল্লেখিত বিষয়ে খালেদার পক্ষে করা আবেদন শুনে রোববার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন। পরে তিনি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও জাকির হোসেন ভুইয়া।

অপর দিকে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, আগামীকাল সোমবার এই মামলায় ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক রয়েছে।

এদিকে খালেদার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ বলেন, দেশের সর্বোচ্চ আদালতে লিভ টু আপিল শুনানির জন্য দিন ধার্য আছে। এ অবস্থায় ১১ জুলাই নিম্ন আদালতে মামলাটি শুনানির অবকাশ নেই।

তবে খুরশীদ আলম খান জানান, কোনো স্থগিতাদেশ না থাকায় শুনানি হতে আইনগত কোনো বাধা নেই।

উল্লেখ,২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

২০০৮ সালের ৫ মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

খালেদা জিয়া উচ্চ আদালতে গেলে ২০০৮ সালের ৯ জুলাই দুর্নীতির এই মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট, সেই সঙ্গে দেওয়া হয় রুল।

মামলা দায়ের কেন আইনগত কর্তৃত্ববর্হিভূত ও বাতিল ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়।২০০৮ সালের ৯ সেপ্টেম্বর এ মামলায় জামিন পান খালেদা।