November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ডিএসই’র এমডি হলেন মাজেদুর রহমান

ডেস্ক প্রতিবেদন : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমানকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই কর্তৃপক্ষের সুপারিশের আলোকে বিএসইসি এ অনুমোদন দিয়েছে।

বুধবার বিএসইসি’র কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে ডিএসই পরিচালনা পর্ষদ কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমানকে নিয়োগের জন্য বিএসইসি’র কাছে তার নাম সুপারিশ করে।

ব্যাংকিং খাতে ৩০ বছরের অভিজ্ঞ কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমান দক্ষিন এশিয়া, অস্ট্রেলিয়া, মিডল ইষ্ট ও আফ্রিকায় একই খাতে কাজ করেছেন। তিনি বিভিন্ন সময়ে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক, মাশরেক ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক আলফালাহ, এবি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে কর্মরত ছিলেন। বর্তমানে স্বতন্ত্র পরিচালক হিসাবে লঙ্কাবাংলা ফাইন্যান্সে ও আর্থিক পরামর্শক হিসাবে আয়ারল্যান্ডভিত্তিক ইকারেন্সি মিন্ট লিমিটেডে জড়িত আছেন।

উল্লেখ্য মেয়াদ শেষে স্বপন কুমার বালা পদ ছেড়ে দেওয়ায় প্রতিষ্ঠানটির এমডি পদটি খালি হয় চলতি বছরের ১৩ এপ্রিল। আর এই পদের জন্য এপ্রিল মাসের শুরুতে প্রথম দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএসই। বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১৭ এপ্রিলের মধ্যে ডিএসইর চেয়ারম্যান বরাবর আবেদন করতে বলা হয়। দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১৫ মের মধ্যে আবেদন করতে বলা হয়।