ডেস্ক প্রতিবেদন : সম্পর্ক ভাঙা-গড়ার গানে নিত্যই ডুবে থাকে শোবিজ। আজ এই তারকার বিয়ে তো কাল ওই তারকার ছাড়াছাড়ি। এসব দেখে বিরক্ত দর্শক-ভক্তরাও। তাই কোনো তারকার বিয়ে হলে তারা প্রার্থনা করেন, বিচ্ছেদটা যেন শান্তিতে হয়।
ভাঙনের মিছিলে এবার যোগ হলো গায়ক-সংগীত পরিচালক ইবরার টিপুর নাম। তাকে ডিভোর্স দিলেন তার স্ত্রী ফারজানা মিথিলা। টিপুর বিরুদ্ধে পরকীয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনে দাম্পত্যের ইতি টানতে চলেছেন তিনি।
আজ সোমবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে ডিভোর্সের চূড়ান্ত ফয়সালা করার জন্য মিথিলা এখন আদালতে রয়েছেন। আজকের মধ্যেই আইনগত ঝামেলা শেষ করে টিপুর কাছে নোটিস পাঠানো হবে বলে জানিয়েছেন মিথিলা।
এদিকে মিথিলার বড় বোন ফারহা দিবা রিমি বলেন, ‘ভালোবেসে ইবরার টিপু এবং মিথিলার বিয়ে হয়েছিল প্রায় এক যুগ আগে। এরপর কয়েক বছর পর টিপুর আচরণে পরিবর্তন আসে। সে সংগীত সংশ্লিষ্ট অনেক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টিতে মিথিলা বাধা দিতে গেলে তাকে অমানুষিক নির্যাতন করতো টিপু। সহ্যের মাত্রা ছাড়িয়ে যাওয়া অবশেষে মিথিলা টিপুকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
এর আগে নির্যাতনের অভিযোগে রাজধানীর রমনা থানায় শনিবার একটি জিডি করেন মিথিলা। জিডি নং-১৯১১। এ বিষয়ে ইবরার টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ ভিত্তিহীন বলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন রেখে দেন।
উল্লেখ্য, ২০০৪ সালে ইবরার টিপু ও ফারজানা ববি মিথিলার বিয়ে হয়। ওহী ইবরার নামের এই দম্পতির ঘরে ৮ বছরের এক সন্তান আছে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী