November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পুরনো ছন্দে নতুনরূপে গানে ফিরলেন রাহুল আনন্দ

ডেস্ক:  পুরনো ছন্দে নতুনরূপে গানে ফিরলেন রাহুল আনন্দ। জলের গান ব্যান্ডের এই শিল্পী গত ১৫ মে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর এক মাসেরও বেশী সময়ের বিরতি কাটিয়ে আবারো মঞ্চে দাঁড়ালেন, সুরের ঢেউয়ে ভাসালেন অনুরাগী দর্শক-শ্রোতাদের।

রাহুল আনন্দের গানে ফেরা উপলক্ষে শনিবার সন্ধ্যায় সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজন করা হয়েছিল অন্যরকম সঙ্গীত সন্ধ্যা। এই আয়োজনের শিরোনাম করা হয় ‘জলের গানের অন্তরঙ্গ আসর’। যারা জলের গানকে ভালোবাসেন, হৃদয়ে ধারণ করেন তাদের জন্যই এই গানের আসর।

গান আর আড্ডায় কাটে জলের গানের এই ভিন্ন রকম আয়োজন। গানের ফাঁকে চলে কৃতজ্ঞতা প্রকাশ। রাহুল আনন্দ বলেন, ‘অনেকের ভালোবাসায় আবারও গানে ফিরতে পেরেছি। চিকিৎসক, বন্ধু’সহ যারা আমার অসুস্থতার সময় পাশে ছিলেন তাদের নিয়ে একটা সন্ধ্যা আনন্দে কাটাব বলেই এই আয়োজন’।


অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় রাহুল আনন্দের চিকিৎসার দায়িত্বে থাকা ডা. কচিকে। তিনি মঞ্চে এসে বলেন, ‘রোগীকে সুস্থ করে তোলা তো আমার দায়িত্ব। স্রষ্টার ইচ্ছাই এবং সবার ভালোবাসায় রাহুল ভাই আবার সবার সঙ্গে গান করছেন। আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করেছি। এর বিনিময়ে রাহুল ভাই ও জলের গান আমাকে যে সম্মান দিয়েছে সেটা আমি সারা জীবনেও ভুলবো না।’

রাত ৮টা থেকে টানা দুই ঘন্টা চলে গান আর কথামালা। এ সময় রাহুল আনন্দ জানান, এবারের ঈদে একাধিক টিভি ও এফএম চ্যানেলে সরাসরি গান শোনাবে জলের গান।

উল্লেখ্য গত ১৫ মে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন রাহুল আনন্দ। সহকর্মী ওমর ফারুকের সঙ্গে বাইকে ছিলেন তিনি। পেছন থেকে অন্য একটি গাড়ি এসে বাইকটিকে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে যান রাহুন ও ফারুক। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রাহুল আনন্দকে। প্রায় দেড় মাস পর আবারো গানে ফিরেছেন সবার প্রিয় এই শিল্পী।