চট্টগ্রাম অফিস : গ্রেফতার ওয়াসিম ও আনোয়ার দু’জনই পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়।
এদের মধ্যে ওয়াসিম মিতুকে গুলি করে বলে দাবি করেছেন পুলিশ কমিশনার ইকবাল বাহার।
তিনি বলেন, ‘গ্রেফতার দু’জন পেশাদার খুনি। তারা পরিকল্পিতভাবে পুলিশ পত্নী মিতুকে হত্যা করেছে।’
তিনি বলেন, ‘ওয়াসিম মোটরসাইকেলে ছিল। সে সরাসরি মিতুকে গুলি করেছে। আর আনোয়ার ব্যাকআপ টিমের সদস্য ছিল।’
রবিবার বেলা ৩টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গ্রেফতার দু’জন পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে দাবি করে পুলিশ কমিশনার বলেন, ‘তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হয়েছে। আজ তাদের আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।’
কেন, কি কারণে তারা মিতুকে হত্যা করে বা কারা এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান পুলিশ কমিশনার ইকবাল।
গ্রেফতাররা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না এ প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘খুনিরা পেশাদার। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।’
মিতু হত্যার সাথে জঙ্গিরা সংশ্লিষ্ট পুলিশ শুরু থেকে এমন দারি করে আসলেও এখন সে দারি থেকে আপনারা সরে এসেছেন- এমন এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘আমরা আমাদের কোনো বক্তব্য থেকে সরে আসিনি। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব কিছু বলা যাচ্ছে না।’
মিতুর স্বামী পুলিশের এসপি বাবুল আক্তারকে নজরবন্দি রাখা হয়নি উল্লেখ করে কমিশনার বলেন, ‘তার বাসায় নিরাপত্তার জন্য পুলিশ দেওয়া হয়েছে।’
বাদী হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে এবং পরে তিনি বাসায় চলে যান বলে দাবি করেন পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।
জিজ্ঞাসাবাদের জন্য মধ্যরাতে কেন তুলে নিয়ে যাওয়া হলো এবং এরপর কেন তার সাথে ফোনে যোগাযোগ করতে পারেননি স্বজনরা- এসব প্রশ্নের সন্তোষজনক জবাব দেননি সিএমপি কমিশনার।
এদিকে পুলিশ অানুষ্ঠানিকভাবে দু’জনের গ্রেফতারের কথা স্বীকার করলেও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে এক নারীসহ পুলিশ ৫ জনকে আটক করেছে আরও ৪ দিন আগে। তাদের রাখা হয়েছে দামপাড়া পুলিশ লাইনে।
সংবাদ সম্মেলনে মামলা সংক্রান্ত নগর গোয়েন্দা এবং সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
মানুষের কল্যাণে নীরবে যারা কাজ করছেন তাদের সম্মান দিন : প্রধানমন্ত্রী