November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

খালেদার আহ্বান ভূতের মুখে রাম নাম : হানিফ

ডেস্ক প্রতিবেদন : গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বান ভূতের মুখে রাম নামের মতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় মঙ্গলবার (২১ জুন) দুপুরে এ মন্তব্য করেন তিনি।

২৩ জুন বৃহস্পতিবার আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে এ যৌথসভার আয়োজন করা হয়।

হানিফ বলেন, ‘তার (খালেদা জিয়ার) এ ধরনের বক্তব্য শুনে খুব অবাকই হয়েছি। অনেকে আমাদের জিজ্ঞাসা করেছেন- হঠাৎ করে ভূতের রাম নাম? যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, আবার উনি গরিব অসহায় মানুষের সেবায় এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। এটা ভূতের মুখে রাম নামের মতো অবস্থা।’

তিনি বলেন, ‘আসলে তিনি (খালেদা) এখন বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। কখন, কোথায়, কী বললে উনি জনগণের আস্থা পাবেন সেটা এখন তার বোধগম্য নেই।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘গুপ্তহত্যার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। গুপ্তহত্যার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বারবার বলছি, প্রধানমন্ত্রী বলছেন- “অতীতের সব সন্ত্রাসী কর্মকাণ্ড যেভাবে দমন করা হয়েছে, পেট্রলবোমা-আগুন সন্ত্রাস দমন করতে সক্ষম হয়েছি।” আমরা আশ্বস্ত করতে চাই- শেখ হাসিনার নেতৃত্বে এ গুপ্তহত্যাও বন্ধ করতে সক্ষম হব।’

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অহেতুক সমালোচনা করে লাভ নেই। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। উন্নত দেশগুলোতে যেভাবে জঙ্গি দমন করা হয়-আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে ভাবেই এগোচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ পদ্ধতিতেই জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব। আসুন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমর্থন করি, সহযোগিতায় এগিয়ে আসি। অহেতুক তাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক কথাবার্তা না বলি। অতীতে তারা যেভাবে সবর্হারা নির্মূল করে ভূয়সী প্রশংসা অর্জন করেছে, এদের দ্বারাই বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূল সম্ভব হবে।’

ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে যৌথসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।