November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘শোকজের আগেই ওষুধ উৎপাদন বন্ধ করা উচিত ছিল’

আদালত প্রতিবেদক : শোকজের আগেই ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধ করে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। ২০ কোম্পানির উৎপাদন বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি চলাকালে বুধবার (১৫ জুন) এ মন্তব্য করেন আদালত।

শুনানিতে ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী বলেন, ‘হাইকোর্ট উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন। অথচ সরকার কোম্পানিগুলোকে একটি শোকজ দিয়েছে। এটা একটা প্রসেসের (প্রক্রিয়া) মধ্যে আছে। ওখানে লাইসেন্স ক্যানসেলের (বাতিল) কথা উল্লেখ আছে।’

এ সময় আদালত বলেন, ‘লাইসেন্স ক্যানসেল আর উৎপাদন বন্ধের মধ্যে তফাৎ কি?’ জবাবে এ জে মোহাম্মদ আলী বলেন, ‘সরকার কোম্পানিগুলোকে একটি শোকজ দিয়েছে। এটা একটা প্রসেসের মধ্যে আছে। ওখানে লাইসেন্স ক্যানসেলের কথা উল্লেখ আছে।’

এ সময় আদালত বলেন, ‘এটা (ওষুধ) এমন একটা জিনিস। যেটা মানুষের…।’ জবাবে মোহাম্মদ আলী বলেন, ‘আমরা শুধু ওরস্যালাইন উৎপাদন করি।’

জবাবে আদালত বলেন, ‘এটা তো আরও বেশি সমস্যা। ওরস্যালাইন প্রোপার না হলে মানুষ মারা যাবে। এখন আপনারা হাইকোর্টে যান পার্টি হয়ে শুনানি করেন। আপনাদের শোকজ করার আগে উৎপাদন বন্ধ করে দেওয়া উচিত ছিল। ওষুধ কোম্পানিতো অনেক। শুধু আপনারা আসছেন। আর কেউতো আসেনি।’

জবাবে এ জে মোহাম্মদ আলী বলেন, ‘আরও অনেকে এসেছে তো।’ তখন আদালত বলেন, ‘যান হাইকোর্টে যান। ওখানে রুল শুনানি করেন।’

এরপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ ১৮ আগস্টের মধ্যে হাইকোর্টে এ মামলা নিষ্পত্তির নির্দেশ দেন।