ডেস্ক : আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে। মনে পড়ে সেই গান ‘বাদল দিনের প্রথম কদম ফুল।’ পঞ্জিকার হিসাবে বুধবার (১৫ জুন) পয়লা আষাঢ়, অর্থাৎ বর্ষাকালের প্রথম দিন।
কিন্তু বাস্তবে বর্ষা আগেই এসে হাজির হয়েছে প্রকৃতিতে। অঝোর ধারায় বৃষ্টি ঝরার দিন এসে গেছে।
গাছের পাতায়, টিনের চালে কিংবা ছাদের রেলিং ছুঁয়ে খোলা আকাশের প্রান্তর জুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার দিন। আষাঢ়-শ্রাবণের ঋতু বর্ষাকে স্বাগত জানাতে এরই মধ্যে কদম ফুল নিয়ে অপেক্ষা করছে প্রকৃতি। ঋতুচক্রের আবর্তনে কদম ফুল ফুটে জানান দিয়েছে আষাঢ়ের আগমনবার্তা। আনন্দ-স্পর্শ-আশা জাগানিয়া আষাঢ় তোমায় স্বাগতম।
চিরকালই বর্ষাঋতুর আবাহন এই দেশের প্রকৃতিকে বদলে দেয় নানারূপে, নানা চিত্রধারায়। নদ-নদীতে বাড়তে থাকে জলের ধারা। খাল-বিলে ফিরে আসে চিরচেনা রূপের বাহার। মৌসুমী বায়ুর বহতায় প্রকৃতির অন্তর জুড়িয়ে দেয় শীতল বাতাস আর বৃষ্টিমাখা বায়ুস্তর। প্রাণান্ত শান্তির পরশ ফিরে আসে সামাজিক জীবনে। এ ছাড়া কেতকীর মনমাতানো সুগন্ধ, কদমফুলের চোখ জুড়ানো শোভা এবং পেখম খোলা ময়ূরের উচ্ছ্বল নৃত্যের আবাহন থাকে এই আষাঢ়েই।
আবহাওয়ার হিসাবে অবশ্য জুনের দুই তারিখ থেকে শুরু হয় বর্ষা। তবে বাস্তবের বর্ষার শুরু নির্ভর করে কবে মৌসুমি বায়ু দেশে প্রবেশ করবে তার ওপরে।
এ বছর মৌসুমি বায়ু একটু পরেই দেশে এসে পৌঁছেছে। গত ১০ জুন বিপুল জলীয়বাষ্পবাহী মৌসুমি বায়ু টেকনাফ দিয়ে দেশে প্রবেশ করেছে। মঙ্গলবার (১৪ জুন) তা দেশের প্রায় ৭০ শতাংশ এলাকায় ছড়িয়ে পড়েছে।
আবহাওয়া অধিদফতরের হিসাব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে এখনো মৌসুমি বায়ু ছড়িয়ে পড়েনি। ফলে ওই এলাকায় এখনো তেমন বৃষ্টি শুরু হয়নি। মঙ্গলবার দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোরে ৫১ মিলিমিটার। রাজধানীতে মাত্র তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন