October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়

ডেস্ক প্রতিবেদন : ঈদুল ফিতরের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজন করা হবে।

সচিবালয়ে মঙ্গলবার (১৪ জুন) ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, ‘প্রধান জামাত ছাড়া ঈদুল ফিতরের দিন বায়তুল মোকাররম মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।’

অন্যান্য বছরের মতো এবারও মহিলাদের ঈদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রাখা হবে। এ ছাড়া বিদেশি রাষ্টদূত, কূটনৈতিকদের নামাজের জন্য আলাদা জায়গা সংরক্ষণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন বলেন, সভায় জাতীয় ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, শিশু-সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, নিরাপদ নিবাস, ভবঘুরে কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ ও উন্নতমানের খাবার সরবরাহ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

ঈদের দিন সুবিধা বঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন সকল শিশুপার্কে ও ঢাকা জাদুঘরে প্রবেশ এবং বিনোদনের ব্যবস্থা করা হবে বলেও জানান আনোয়ার হোসাইন।

সভায় স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, গণপূর্ত অধিদফতর, ওয়াসা, পুলিশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।