October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রানাসহ ১৮ জনের বিচার শুরু

আদালত প্রতিবেদক : সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ইমরত নির্মাণ আইনে দায়ের করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ অভিযোগ গঠন করেন।

একইসঙ্গে বিচারক আগামী ২৩ আগস্ট সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

প্রনঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও প্রায় এক হাজার শ্রমিক যারা ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন।

এ ঘটনায় প্রাণহানির ঘটনায় হত্যার অভিযোগে একটি, ইমারত বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে একটি এবং দুদকের পক্ষ থেকে ভেবন নির্মাণে দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করা হয়।

এর মধ্যে ইমারত বিধির মামলাটি দায়ের করেন রাজউক কর্মকর্তা হেলাল উদ্দিন। রানাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় করা এ মামলার তদন্তে ভবনের নকশায় ত্রুটি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং অনুমোদন না নিয়ে ওপরের দিকে সম্প্রসারণ করার তথ্য বেরিয়ে আসে।

১৯৫২ সালের ইমারত নির্মাণ আইনের ১২ ধারায় দেওয়া এ মামলার অভিযোগপত্রে মোট ১৮ জনকে আসামি করেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় মোট ১৩০ জনকে রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে।