November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘যুদ্ধাপরাধের বিচারে এত বড় স্বচ্ছতা আর কোথাও নেই

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘যুদ্ধাপরাধের বিচারে এত বড় স্বচ্ছতা আর কোথাও আছে কি না সে উদাহরণ মানবাধিকার সংগঠনগুলো দিতে পারবে না।’

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে রবিবার মানবাধিকার খবর পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘একদিন যারা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের পাশে দাঁড়িয়েছিল সেই মানবাধিকার সংগঠনগুলো যুদ্ধাপরাধের বিচারের সমালোচনা করছে। অথচ যুদ্ধাপরাধের বিচারে এত বড় স্বচ্ছতা আর কোথাও আছে কি না সে উদাহরণ মানবাধিকার সংগঠনগুলো দিতে পারবে না। আমরা ট্রাইবুনালে বিচার করেই বিচার শেষ করতে পারতাম। কিন্তু তা করা হয়নি। ট্রাইব্যুনালে বিচারের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপিল এবং রিভিউয়ের সুযোগ দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থন করার সুযোগ এখানে রয়েছে। বসনিয়াসহ বিশ্বের যেখানে এ ধরনের বিচার হয়েছে সেখানে কোথাও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।’

তিনি প্রশ্ন করে বলেন, ‘বিএনপি ও জামায়াত আন্দোলনের নামে যে আগুন সন্ত্রাস ও হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কী ধরনের মানবাধিকার? অপরাধীরা মানবাধিকার সংগঠনগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। মানবাধিকারকে অপরাধীদের ঢাল হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া ঠিক হবে না।’

রাশেদ খান মেনন বলেন, ‘মানবাধিকার, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে গণতন্ত্রের মূলনীতি বাস্তবায়ন হবে না। কারণ গণতন্ত্রের মূলনীতিই হচ্ছে মানবাধিকার ও সুশাসন নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘গণতন্ত্র ও মানবাধিকারকে সমুন্নত রেখেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন―প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের ফিনান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর এস এ এম শওকত হোসেন, মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক রোটারিয়ান মো. রিয়াজ উদ্দিন।