October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফখরুল-গয়েশ্বরের অভিযোগ গঠন শুনানি ২১ সেপ্টেম্বর

আদালত প্রতিবেদক : সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক রুহুল আমিন সোমবার এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল সোমবার। মির্জা ফখরুল আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১২ সালের ২৯ এপ্রিল সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ।

২০১২ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক তপন চন্দ্র সাহা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের নেতাদের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগপত্রের অপর ২৮ আসামি হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. খোন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সাবেক যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, ঢাকা মহানগর বিএনপির তৎকালীন সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, শাম্মী আক্তার শিফা, রেহানা আক্তার রানু, নীলুফার চৌধুরী মনি, সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, আবদুল মতিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার, যুবদলের সহ-দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল, কামরুজ্জামান রতন, মোরতাজুল করিম বাদরু, রেহানা আক্তার ডলি ওরফে রেহানা ইয়াসমিন ডলি ও মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূঁইয়া ওরফে বাদল।