ডেস্ক প্রতিবেদন : বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রথমবারের মতো নিয়োগ পেতে যাচ্ছে ৯৭ নারী সদস্য। রবিবার ( ৫ জুন) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি’র প্রশিক্ষণ ক্যাম্পে পাসিং আউটের মাধ্যমে তারা নিয়োগ পাবেন। আর এর মাধ্যমে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এসব নারীর।
বিজিবি সূত্রে জানা যায়, নানা পেশায় পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সমঅধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে ২০১৫ সালে প্রথমবারের মতো নারী সৈনিক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়। ৫ জুন রবিবার চট্টগ্রামে মৌলিক প্রশিক্ষণ শেষে নারী সৈনিকদের প্রথম ব্যাচটি বিজিবি`র কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এ বছর আরও ১০০ জন নারী সদস্য নিয়োগ দেবে বিজিবি। যাদের মৌলিক প্রশিক্ষণ শুরু হবে জুলাই মাসে।
বিজিবির ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, যোগদানের পরপরই তাদেরকে টেকনাফ ও বেনাপোলের মতো যেসব এলাকায় নারী পাচারকারীদের আনাগোনা বেশি সেখানে পোস্টিং দেওয়া হবে। এ ছাড়াও বিজিবির গেটগুলোতেও নিরাপত্তার দায়িত্বে থাকবেন নারীরা।
এদিকে নারী সদস্যদের নিয়োগদান উপলক্ষে প্রশিক্ষণ ক্যাম্পে শনিবার উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদু্জ্জামান খাঁন কামাল ও বিজিবি’র মহা-পরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ। রাতে বিজিবির প্রশিক্ষণ ক্যাম্পে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজিবির ডিজির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিজিবির ৮৮তম রিক্রুট ব্যাচের সদস্যরা অংশগ্রহণ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার সকালে ৮৮তম রিক্রুট ব্যাচের এক হাজার ১৪৪ জন নবীন সৈনিকের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ব্যাচের সৈনিকদের মধ্যে বিষয়ভিত্তিক ১ম স্থান অর্জনকারী ও সর্বিষয়ে শ্রেষ্ঠ নবীন সৈনিকের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন