নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো সিম পুনঃনিবন্ধন করেননি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘এখনও আশা করছি, তিনি (খালেদা) তার সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করে নেবেন।’
সচিবালয়ে রবিবার (৫ জুন) বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম নিবন্ধন কার্যক্রম নিয়ে মোবাইল অপারেটর ও সংশ্লিষ্টদের সঙ্গে এক সভায় প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
গত বছরের ১৬ ডিসেম্বর শুরু হয়ে দেশে বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে সিম-রিম নিবন্ধন কার্যক্রম শেষ হয় ৩১ মে। সরকারের এ উদ্যোগের বিরোধিতা করেছে বিএনপি। নতুন পদ্ধতিতে খালেদা জিয়ার সিম নিবন্ধন করেছেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যক্তিক ইনফরমেশনগুলো আমরা জানাতে চাই না।’
এরপরই তারানা হালিম বলেন, ‘বাংলাদেশের ১১ কোটি ৬০ লাখ মানুষ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে দিনের পর দিন কষ্ট করে তাদের সিম-রিম নিবন্ধন করেছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সকল মন্ত্রী ও প্রতিমন্ত্রী, স্পিকার, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, সকল সচিব, সেনাবাহিনীর সদস্যরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম নিবন্ধন করেছেন। আমরা আশা করেছিলাম, একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া বায়োমেট্রিক পদ্ধতিতে তার সিম নিবন্ধন করে একজন সচেতন নাগরিকের ভূমিকা পালন করবেন।’
‘এখানে আমরা একটু কষ্ট পেয়েছি, একটু হতাশ হয়েছি যে, এটি তিনি করেননি। তিনি মোবাইল ফোন ব্যবহার করেন, তিনি করলে (সিম পুনঃনিবন্ধন) আমরা খুশি হতাম। তবে তিনি এখনও পুনঃনিবন্ধন করিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে যথাযথ ট্যাক্স দিয়ে সিমটি তাকে কিনে নিতে হবে। কারণ নিয়ম সবার জন্যই সমান প্রযোজ্য।’
তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) নিজ নামে বায়োমেট্রিক পদ্ধতিতে কোনো সিম নিবন্ধন করা নেই। হয়তো তিনি অন্যের মোবাইলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছেন। এখনও আশা করছি তিনি তার সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করে নেবেন।’
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা না হলে তা ডিঅ্যাকটিভ (বন্ধ) হয়ে গেছে জানিয়ে তারানা হালিম বলেন, ‘এ নিয়মটি সকলের জন্য প্রযোজ্য তা থেকে তিনিও (খালেদা) বাদ যাবেন না। পুনঃনিবন্ধন না করলে তার সিমটিও বন্ধ হয়ে গেছে।’
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মোবাইল ফোন অপারেটররা ১ থেকে ৪ জুন পর্যন্ত বিনামূল্যে সিম পুনঃনিবন্ধনের যে সুযোগ দিয়েছিল তার মধ্যে তিনি সিম নিবন্ধন করলে উনি বিনা পয়সার এটি করতে পারতেন। তিনি সেই সুযোগটিও গ্রহণ করেননি।’

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন