October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ করা হচ্ছে

 প্রতিবেদক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ করা হচ্ছে। এজন্য এ দুটি বিভাগের জনবল অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে বুধবার দু’বিভাগের জন্য ৪৯৩টি স্থায়ী পদের জনবল অনুমোদন দিয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মোট জনবলের মধ্যে নিরাপত্তা বিভাগে ২০৬ ও সুরক্ষা সেবা বিভাগে জনবল ২৮৭ জন।

গত ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দু’টি বিভাগ করার অনুশাসন দেন প্রধানমন্ত্রী। এখন এ সংক্রান্ত ফাইল প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি ও প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি বিভাগ গঠন করে আদেশ জারি করবে।

অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী, বিভাগ গঠনের পর প্রতিটি বিভাগে একজন করে সচিব থাকবেন। অতিরিক্ত সচিবও থাকবেন একজন করে। জন নিরাপত্তা বিভাগে ৫ জন ও সুরক্ষা সেবা বিভাগে ৬ জন অতিরিক্ত সচিব থাকবেন। এছাড়া থাকবেন উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিবসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন সংস্থার মধ্যে থাকবে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অপরদিকে সুরক্ষা সেবা বিভাগের অধীনে থাকবে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল।