আদালত প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আপিল বিভাগে পৃথক দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন দুটি দায়ের করা হয়।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিচারকার্য শেষ পর্যায়ে থাকায় ওই মামলায় তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার আবেদন নিম্ন আদালতে নাকচের পর মামলার কার্যক্রম স্থগিত চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে দুটি আবেদন করলে ১৫ মে তা খারিজ হয়। এর বিরুদ্ধে ১৮ মে পৃথক দুটি আবেদন করেন খালেদা।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, রায়ের পর দুটি আবেদন (সিএমপি) করা হয়। তবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ২৬ মে আমরা হাতে পাই। এর পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে পৃথক দুটি লিভ টু আপিল করা হয়েছে। লিভ টু আপিল শুনানির জন্য এখন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে আপত্তি তুলে খালেদার আইনজীবীবীরা গত ১৭ এপ্রিল নতুন করে সাক্ষ্য গ্রহণ ও জেরার আবেদন করলে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার তা নাকচ করে দেন।
ওই আদেশ বাতিল চেয়ে পরদিন হাইকোর্টে দুটি আবেদন করেন বিএনপির চেয়ারপারসন। সেই আবেদনের ওপর তিন দিন শুনানি শেষে ১৫ মে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ তা খারিজ করে দেন।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা