ডেস্ক: বাংলাদেশ-ভারত রুটের শ্যামলী পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন।
কলকাতা থেকে ঢাকা আসার পথে আজ বুধবার সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় শ্যামলী পরিবহনের একটি বাস। সকাল ৮টার দিকে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা এলাকায় বাসটি পৌঁছালে ঝর্ণা বিশ্বাস নামের এক নারী চাপা পড়েন এর নিচে।
বনগাঁর বাগদা অঞ্চলের টালিখোলা এলাকার বাসিন্দা স্বপন বিশ্বাস, তাঁর স্ত্রী ঝর্ণা বিশ্বাস ও তাঁদের আট বছরের ছেলেকে নিয়ে গতকাল মঙ্গলবার ধরমপুরে বন্ধু তারক ম-লের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
বুধবার সকালে স্থানীয় একটি গলির ভেতর থেকে মোটরবাইকে করে যশোর রোডে ওঠার সময় কলকাতা থেকে ঢাকার উদ্দেশে আসা দ্রুতগতির শ্যামলী বাসের নিচে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই মারা যান ঝর্ণা। স্বামী স্বপন বিশ্বাস ও তাঁদের আট বছরের ছেলেও বাসের ধাক্কায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের প্রথমে হাবড়া হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
এ ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায়। দ্রুত বাস ছেড়ে পালিয়ে যান চালক ও তাঁর সহকারী।
তবে এ ঘটনায় ঢাকাগামী যাত্রীদের কেউ হতাহত হননি। যাত্রীদের প্রায় সবাই অন্য বাসে করে পেট্রাপোল স্থলবন্দরের উদ্দেশে রওনা দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাইঘাটা থানা পুলিশ। পরে শ্যামলী পরিবহনের বাসটিকে আটক করা হয়। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।