October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নিজামীর গায়েবানা জানাযাস্থলের আশপাশে ককটেল হামলা

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় ব্যাপক ককটের বিস্ফোরণ ও ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে ছাত্রলীগ। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের পর বুধবার (১১ মে) দুপুর দেড়টায় চকবাজার এলাকায় গায়েবানা জানাজার আয়োজন করে জামায়াতে ইসলামী।
এর আগে বেলা পৌনে ১টায় মিছিল নিয়ে যাওয়ার সময় জানাজাস্থলের আশপাশে হামলা চালায় ছাত্রলীগ। এতে পুরো এলাকায় দোকানপাট, মার্কেট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গায়েবানা জানাজা বানচাল করতে ছাত্রলীগ চকবাজারে গুলি ও বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মাহমুদ উল্লাহ।
এদিকে ঘটনার পরপরই বিপুল সংখ্যক পুলিশ পুরো এলাকায় অবস্থান নিয়েছে। জানাজায় অংশ নিতে প্যারেড মাঠে জড়ো হয়েছেন শত শত মানুষ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। নিজামীর জানাজা উপলক্ষে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৯৭১ সালের আল-বদর বাহিনীর কমান্ডার ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর ফাঁসি মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে কার্যকর করা হয়।