October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা

ডেস্ক প্রতিবেদন : জমকালো আয়োজনে বুধবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪’ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার তুলে দেবেন। বর্ণিল এই অনুষ্ঠানে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। এবারের অনুষ্ঠান উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ ও নওশিন।

অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নেওয়ার কথা রয়েছে ওমর সানী, পরী মনি, ইমন, নিরব, আইরিন, তমা মির্জাসহ অনেকের। গান গাইবেন ফাহমিদা নবী, মমতাজ ও চন্দন সিনহা। এছাড়া মডেল অভিনেত্রী মৌ তার দল নিয়ে একটি নৃত্য পরিবেশন করবেন।

আগের আসরে রিয়াজের সঙ্গে উপস্থাপনা করেছিলেন শমী কায়সার। এ বছর রিয়াজের সঙ্গী হচ্ছেন নওশীন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৬টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন। আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ হাসান ইমাম ও রানী সরকার।

গল্প চুরির অভিযোগে এ বছর সরকারি অনুদানে নির্মিত ‘বৃহন্নলা’ চলচ্চিত্রের পুরস্কার বাতিল হওয়ায় দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পথিকের ‘নেক্কাবরের মহাপ্রয়াণ’ নির্বাচিত হয়েছে সেরা চলচ্চিত্র। সেরা কাহিনীকার হয়েছেন ‘মেঘমল্লা’র চলচ্চিত্রের জন্য আখতারুজ্জামান ইলিয়াস। একই ছবির জন্য সেরা চিত্রনাট্যকার ও সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন জাহিদুর রহিম অঞ্জন।

‘এক কাপ চা’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ফেরদৌস আহমেদ শ্রেষ্ঠ অভিনেতা ও যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ‘তাঁরকাটা’ চলচ্চিত্রের জন্য মৌসুমী ও ‘জোনাকির আলো’ চলচ্চিত্রের জন্য বিদ্যা সিনহা মিম। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা হয়েছেন আশরাফ শিশির পরিচালিত চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’।

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন ব্যান্ড তারকা জেমস। ‘দেশা দ্য লিডার’ সিনেমায় ‘পতাকাটা খামচাতে কখনো আসে যদি’ গানের জন্য জেমস এই পুরস্কার পাচ্ছেন। শ্রেষ্ঠ গায়িকা (যৌথভাবে) রুনা লায়লা, (প্রিয়া তুমি সুখী হও, গান- ও কালা অসময়ে বাজাও বাঁশি) ও মমতাজ (নেকাব্বরের মহাপ্রয়াণ, গান- নিশিপক্ষী ও নিশিপক্ষীরে তোর.), শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পাচ্ছেন মাসুদ পথিক (নেকাব্বরের মহাপ্রয়াণ, গান- নিশিপক্ষী ও নিশিপক্ষীরে তোর)। শ্রেষ্ঠ সুরকার বেলাল খান (নেকাব্বরের মহাপ্রয়াণ, গান- নিশিপক্ষী ও নিশিপক্ষীরে তোর)। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবির জন্য সেরা সংগীত পরিচালক ড. সাইম রানা।

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন ডা. এজাজ ইসলাম (তাঁরকাটা), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী চিত্রলেখা গুহ (৭১ এর মা জননী), খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান (দেশা দ্য লিডার), কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মিশা সওদাগর (অল্প অল্প প্রেমের গল্প) মনোনীত হয়েছেন।

এছাড়া শ্রেষ্ঠ শিশুশিল্পী আবির হোসেন অংকন (বৈষম্য), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার মারজান হোসাইন জারা (মেঘমল্লার)।

মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে গীতিকার, শিশুশিল্পী, কাহিনীকার, সংলাপ রচয়িতা, সুরকার, চিত্রনাট্যকার, নৃত্য পরিচালক, শিল্প নির্দেশক, সম্পাদক, চিত্রগ্রাহক, শব্দগ্রাহক, সাজসজ্জা ও রূপসজ্জাকর।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দেয়া হয় আঠার ক্যারেট মানের পনের গ্রাম স্বর্ণের একটি পদক, পদকের একটি রেপ্লিকা, একটি সম্মাননাপত্র। একই সঙ্গে থাকে অর্থ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রে আজীবন সম্মাননাপ্রাপ্তকে এক লাখ টাকা। শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজক ও শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজককে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।
এছাড়া শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র প্রযোজক, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালককে ৫০ হাজার টাকা ও অন্যান্য ক্ষেত্রে ত্রিশ হাজার টাকা করে দেওয়া হয়।

একনজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার–২০১৪

আজীবন সম্মাননা: ১. সৈয়দ হাসান ইমাম ২. রানী সরকার

শ্রেষ্ঠ চলচ্চিত্র: নেকাব্বরের মহাপ্রয়াণ

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: গাড়িওয়ালা

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- জাহিদুর রহিম অঞ্জন (মেঘমল্লার)

শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে: ফেরদৌস আহমেদ (এক কাপ চা)

শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে (যৌথভাবে): ১. মৌসুমী (তাঁরকাটা) ২. বিদ্যা সিনহা মিম (জোনাকির আলো)

শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব-চরিত্রে: ডা: এজাজ ইসলাম (তাঁরকাটা)

শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব-চরিত্রে: চিত্রলেখা গুহ (৭১ এর মা জননী)

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে: তারিক আনাম খান (দেশা দ্যা লিডার)

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে: মিশা সওদাগর (অল্প অল্প প্রেমের গল্প)

শ্রেষ্ঠ শিশু শিল্পী: আবির হোসেন অংকন (বৈষম্য)

শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: মারজান হোসাইন জারা (মেঘমল্লার)

শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক: ড. সাইম রানা (নেকাব্বরের মহাপ্রয়াণ)

শ্রেষ্ঠ গায়ক: মাহফুজ আনাম জেমস (দেশা দ্যা লিডার)

শ্রেষ্ঠ গায়িকা: (যৌথভাবে)- ১. রুনা লায়না (প্রিয়া তুমি সুখী হও), ২. মমতাজ (নেকাব্বরের মহাপ্রয়াণ)

শ্রেষ্ঠ গীতিকার: মাসুদ পথিক (নেকাব্বরের মহাপ্রয়ান)

শ্রেষ্ঠ সুরকার: বেলাল খান (নেকাব্বরের মহাপ্রয়াণ)

শ্রেষ্ঠ কাহিনীকার: আখতারুজ্জামান ইলিয়াস (মেঘমল্লার)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: সৈকত নাসির (দেশা দ্যা লিডার)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: জাহিদুর রহিম অঞ্জন (মেঘমল্লার)

শ্রেষ্ঠ সম্পাদক: তৌহিদ হোসেন চৌধুরী (দেশা দ্যা লিডার)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: মারুফ সামুরাই (তাঁরকাটা)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: মোহাম্মদ হোসেন জেমী (বৈষম্য)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রতন পাল (মেঘমল্লার)

শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: কনক চাঁপা চাকমা (জোনাকির আলো)

শ্রেষ্ঠ মেক-আপম্যান: আবদুর রহমান (নেকাব্বরের মহাপ্রয়াণ)