November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নূরজাহান বেগমের শয্যাপাশে তথ্যমন্ত্রী

নিজস প্রতিবেদক : নারীবিষয়ক প্রথম সচিত্র সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’-এর সম্পাদক নূরজাহান বেগমকে রবিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে দেখতে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শ্বাসকষ্টের চিকিৎসায় ভর্তি ৯১ বছর বয়সী এই নারী সাংবাদিকের পাশে কিছু সময় অবস্থান করেন তিনি। এরপর দায়িত্ব পালনরত চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে নূরজাহান বেগমের অবস্থার খোঁজখবর নেন।

উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, ‘নূরজাহান বেগম উপমহাদেশে নারী সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। ছেলেবেলায় মায়েদেরকে “বেগম” পত্রিকা পড়তে দেখেছি, নিজেরাও পড়েছি। তার এ পত্রিকা দেশে নারী জাগরণে যে ভূমিকা রেখেছে, তা চিরস্মরণীয়। আমরা সকলে তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

উল্লেখ্য, প্রথমে ১৯৪৭ সালে কলকাতায় ও ১৯৫০ সাল থেকে ঢাকায় ‘বেগম’ পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। ঐতিহাসিক ‘সওগাত’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের কন্যা নূরজাহান বেগম ১৯২৫ সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন।

কেন্দ্রীয় কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের সহধর্মিণী নূরজাহান ছেলেবেলা থেকেই বেগম রোকেয়া, কবি কাজী নজরুল ইসলাম, কবি সুফিয়া কামালসহ বরেণ্য ব্যক্তিত্বদের সান্নিধ্য থেকে অনুপ্রেরণা পেয়েছেন।

এদিকে, বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের সদস্য ও সিনিয়র তথ্য অফিসার চয়নিকা সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মরতুজা আহমদ।

শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় লন্ডনে তিনি মৃত্যুবরণ করেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মো. মনিরুল ইসলাম কবীরের স্ত্রী চয়নিকা সাহা উচ্চশিক্ষার্থে সপরিবারে সেখানে অবস্থান করছিলেন।