October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মিরপুরে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

নিজস্ব প্রতিবেদক  : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে ১৪ জন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

রোববার জামায়াতের হরতালের প্রতিবাদে মিছিল করে মিরপুর থানা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে একটি মিছিল মিরপুর ১ নম্বর গোল চত্বরে আসলে মিছিল করে ফেরার সময় নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায় আওয়ামী লীগেরই আরেকটি গ্রুপ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও লাঠিচার্জ চালায়। দুই গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে জানায় পুলিশ।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ১ জনকে ভর্তি রেখে ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। আহতদের সবাই আশঙ্কা মুক্ত বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী।

সেইসাথে হামলাকারীদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।