নিজস্ব প্রতিবেদক : ‘তথ্য, জ্ঞান, যুক্তি, ঐক্য ও সংহতি অধিকার সুরক্ষার শক্তি’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্স) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিল্স ভাইস চেয়ারম্যান শিরীন আখতার এমপি’র সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিল্স মহাসচিব নজরুল ইসলাম খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক এমপি, রয়্যাল ড্যানিস অ্যাম্বাসির হেড অব মিশন জ্যাকব হুগার্ড, এফইএস বাংলাদেশ প্রতিনিধি ফ্রান্সিসকা কর্ন, সলিডারিটি সেন্টার-এর কান্ট্রি প্রোগ্রাম ডাইরেক্টর অ্যালেঞ্জ সুসন, আইএলও ঢাকা অফিসের পরিচালক শ্রীনিবাস বি. রেড্ডি, বিল্স উপদেষ্টা পরিষদ সদস্য শুক্কুর মাহমুদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী আনোয়ার হোসাইন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন বিল্স-এর চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ।
গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ আইনে পরিণত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে জানিয়ে সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, আগামী অল্প দিনের মধ্যে বাংলাদেশ সরকার শিশুশ্রম নিরসন করতে যে পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে তার মাধ্যমে ৬০ হাজার শিশু উপকৃত হবে। তিনি এ প্রকল্পটি বাস্তবায়নে বিল্স’র প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, বর্তমানে বিভেদের রাজনীতির মধ্যেও ট্রেড ইউনিয়নসমূহের ঐক্য গড়তে বিল্স-এর ভূমিকা অপরিসীম যা দেশের সার্বিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় অন্যান্য বক্তারা শ্রমিকের অধিকার ও শ্রম ইস্যুতে বিল্স অর্জিত বিভিন্ন অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের অভ্যন্তরে শ্রমজীবী মানুষের সংগঠন হিসেবে শ্রমিকদের সংগঠিত করতে বিল্স-এর ভূমিকা অপরিসীম। তারা আগামী দিনেও বিল্স শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে এবং এক্ষেত্রে সরকার ও মালিকপক্ষসহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সংহতি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্য আন্তর্জাতিক বন্ধুপ্রতীম সংগঠন যেমন- আইএলও, সলিডারিটি সেন্টার, ফ্রেডরিক ইবার্ট স্টিফটাং, রয়্যাল ড্যানিশ অ্যাম্বাসিসহ জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিগণ বাংলাদেশের সার্বিক শ্রম পরিস্থিতি উন্নয়নে বিল্স-এর কার্যক্রমে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা বজায় রাখারও আশ্বাস প্রদান করেন।
বিভিন্ন সেক্টরের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, বিভিন্ন জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং বিল্সের ৩ শতাধিক সাধারণ সদস্য সভায় অংশ নেন।
উল্লেখ্য, সাধারণ সভায় বিল্স-এর নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন এবং উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন