November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রণদাপ্রসাদ পদক পাচ্ছেন তিন গুণী

নিজস্ব প্রতিবেদক : এবারে দেশের তিন বরেণ্য ব্যক্তিত্বকে দেওয়া হবে রণদাপ্রসাদ সাহা স্বর্ণপদক ২০১৬।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে বুধবার (৫ মে) সকালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এবারে পদক পাচ্ছেন কবি বেগম সুফিয়া কামাল (মরণোত্তর), বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ১৪ মে বিকেলে দানবীর রণদাপ্রসাদ সাহা স্মারক বক্তৃতা ও স্বর্ণপদক প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে রণদাপ্রসাদের বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে প্রতিভা মুৎসুদ্দি বলেন, শৈশবেই চিকিৎসার অভাবে রণদাপ্রসাদ তার মাকে হারান। পরবর্তী সময়ে সততা, অসাধারণ ধীশক্তি, মনোসংযোগ, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে শূন্য থেকে বিপুল বিত্তের মালিক হন। বিত্তবান রণদাপ্রসাদ সাহা ভোগবাদী ছিলেন না বরং সকল সম্পদ মায়ের মৃত্যুর কারণ চিহ্নিত করে সেখানে বিনিয়োগ করেন।

তিনি আরও বলেন, রণদাপ্রসাদ সাহা মায়ের নামে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করেন। ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে প্রতিষ্ঠিত টাঙ্গাইলে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস ও কুমুদিনী মহিলা ডিগ্রি কলেজ (বর্তমানে সরকারি), মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজ (বর্তমানে সরকারি) শিক্ষা ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত। ঢাকার কম্বাইন্ড মিলিটারি হসপিটালের তৎকালীন মেটার্নিটি ওয়ার্ডটি তার প্রতিষ্ঠিত। দেশে ও বিদেশে তিনি এ রকম বহু জনহিতকর কর্মকাণ্ড করেছেন।

ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১-এর ৭ মে দানবীর ও তার একমাত্র ছেলে ভবানীপ্রসাদ সাহাকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা অপহরণ করেন। সেই থেকে তারা নিখোঁজ। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট শোককে শক্তিতে রূপান্তর করেছে। স্বাধীনতা উত্তর প্রতিষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, নারায়ণগঞ্জে কুমুদিনী হ্যান্ডিক্রাফট ও ট্রেড ট্রেনিং কলেজ এবং অতিসম্প্রতি রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পদক প্রদান কমিটির আহ্বায়ক ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক অধ্যক্ষ প্রতিভা মুৎসুদ্দি, ট্রাস্টের পরিচালক রাশীদুল হাসান, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের শিক্ষা উপদেষ্টা ডা. আব্দুল জলিল।