বিদেশ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নির্মাণাধীন বিবেকানন্দ সড়ক ফ্লাইওভারের একাংশ ধসে পড়েছে। ধসে পড়া ফ্লাইওভারের ধ্বংসস্তূপে চাপা পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের লাইভ আপডেটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুর্ঘটনার সময় ফ্লাইওভারের নিচে পার্ক করা ছিল একাধিক গাড়ি। একটি গাড়ি ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ার সময় অংশটি একটি গাড়ির উপরে পড়ে বলে জানায় কলকাতার আনন্দবাজার পত্রিকা।
পুলিশ জানিয়েছে, ভেঙে পড়া অংশের নিচে ২০০ জন আটকা পড়েছেন। উদ্ধারকাজ চলছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খবরে বলা হয়, চিৎপুর রোড, বিবেকানন্দ রোডসহ একাধিক রাস্তায় যান চলাচল এখন বন্ধ রয়েছে।

এক প্রত্যক্ষদর্শী আনন্দবাজারকে জানান, সাড়ে ১২টার দিকে বোমা ফাঁটার মতো আওয়াজ শুনতে পার তিনি। কিছু বুঝে ওঠার আগেই দেখেন চোখের সামনে আস্ত ফ্লাইওভারটি ভেঙে পড়ছে। উদ্ধার কাজে প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও কাজ করছেন। আশপাশের সব থানার পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছেন।
আটকে থাকাদের উদ্ধার করতে ড্রিল মেশিন দিয়ে কাটা হচ্ছে পাথরের স্ল্যাব।
টাইমস অব ইন্ডিয়া জানায়, তিন বছর আগেই নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ফ্লাইওভারটির। কিন্তু নির্মাণ কাজের সময় ছয় দফা বাড়ানোয় এখনও নির্মাণ কাজ শেষ হয়নি।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস