মিজস্ব প্রতিবেদক : “কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ৯ দিন পরেও কেনো অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়নি তা আমাদের বোধগম্য নয়। আমরা আশাহত হচ্ছি। আমরা চাই আলাদা ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার সম্পন্ন করা হোক।”
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সাংস্কৃতিক জোট।
তনু হত্যার প্রতিবাদে চলমান দেশব্যাপী আন্দোলনের সূত্র ধরে তিনি বলেন, ‘দেশ যেভাবে প্রতিবাদে ফেটে পড়ছে দ্রুত বিচার না হলে কুচক্রীরা এর সুযোগ নিতে পারে। সুতরাং প্রশাসনের কাছে আমাদের ভাষ্য আমরা আন্দোলনের এর সফল পরিণতি চাই।’
সমাবেশে জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, নৃত্যশিল্পী মুনমুন প্রমুখ। সমাবেশের সঞ্চালনা করেন মাসকুর এ সাত্তার কল্লোল।
সভাপতির বক্তব্যে গোলাম কুদ্দুছ বলেন, ‘তনু হত্যাকারীদের গ্রেফতার করা না হলে আগামী ৪ এপ্রিল জোটের আয়োজনে সংস্কৃতি কর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করবে।
প্রতিবাদ শেষে টিএসসিতে সংস্কৃতি কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত