ডেস্ক প্রতিবেদন : : বুয়েটের একদল শিক্ষার্থীর গবেষণার আলোকে হাতিরঝিল, গুলশান ও বনানী লেকে নৌযান চালুর প্রস্তাব করেছে পাঁচটি পরিবেশ ও সামাজিক সংগঠন।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাইঞ্জে সোমবার ‘যানজট হ্রাসে নৌযান ও হাঁটার সমন্বয়ে হাতিরঝিল-গুলশান-বনানী লেক উন্নয়নের প্রস্তাব’ শীর্ষক এক যৌথ মতবিনিময় সভায় সংগঠনের কর্মকর্তারা এ প্রস্তাব করেন।
সংগঠনগুলো হলো- পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট।
এ সময় পবা’র চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ‘অদূরদর্শী পরিকল্পনায় আমাদের খাল-বিল ধ্বংস হয়ে গেছে। হাতিরঝিল-বনানী-গুলশান লেক সঠিকভাবে সংরক্ষণ করলে পরিবেশের উন্নয়ন ঘটবে। এটি যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে। সুষ্ঠু পরিকল্পনার এসব লেক গণমানুষের মিলন মেলায় পরিণত হতে পারে।’
তিনি বলেন, ‘বর্তমানে যানজট ঢাকা শহরের নিত্য-নৈমত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে গুলশান, বনানী থেকে বাংলামোটর, পান্থপথ, কারওয়ানবাজারে সড়ক পথে যেতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে। গুলশান লেক এবং হাতিরঝিলে নৌযান চালুর মাধ্যমে বারিধারা, বনানী থেকে হোটেল সোনারগাঁয়ের পেছন পর্যন্ত আধা ঘন্টায় সাশ্রয়ী খরচে পৌঁছানো সম্ভব। পাশাপাশি লেকের চারপাশে সুন্দর হাঁটার রাস্তা তৈরি করা হলে এটি আকর্ষণীয় স্থানে পরিণত হবে।’
গবেষণার আলোকে সভার শুরুতে বক্তব্য রাখেন, বুয়েটের গবেষক দলের সদস্য সুমাইয়া তাবাসসুম, সাদিয়া চৌধুরী, মাহজাবিন রহমান, কাশফিয়া নেহরিন ও আহমেদ জাকারিয়া।
নৌযান চালুর যৌক্তিকতা তুলে ধরে অনুষ্ঠনে গবেষকরা জানান, গুলশান-বনানী-হাতিরঝিলকে সংযুক্ত করে অভ্যন্তরীণ নৌরুট তৈরি হলে খুব সহজে, কম সময়ে, কম খরচে যাতায়াতের সুযোগ হবে। এ রুটটির দূরত্ব প্রায় ৩ কি.মি। আমরা মানুষের চাহিদা ও আর্থিক সক্ষমতা বিবেচনায় এ দূরত্ব অতিক্রমের জন্য ১৫ টাকা প্রস্তাব করছি। তাছাড়া এর ফলে যাতায়াতের সময় কমে আসবে ২০ মিনিট থেকে ২-৩ ঘন্টা।
গবেষকরা আরও জানান, নিকটস্থ বাসস্ট্যান্ড ও জনসমাগমকে বিবেচনায় রেখে ১৪টি স্টেশন পয়েন্ট রাখা যেতে পারে। এ ছাড়াও ল্যান্ডিং স্টেশনে পৌঁছানোর জন্য ও লেকের চারপাশে হাঁটার জন্য সুন্দর হাঁটার রাস্তা তৈরি করা যেতে পারে। সেখানে পর্যাপ্ত আলো, ছায়ার ব্যবস্থা, বসার ব্যবস্থা ও গাছ থাকবে।
অনুষ্ঠনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সহসভাপতি ও পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন, উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্য সচিব আমিনুর রসুল, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমান ময়না, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল ক্বাফী, যাত্রী কল্যাণ সমিতির মহিউদ্দিন আহমেদ, মাদক বিরোধী সংগঠন প্রত্যাশার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
মহান শহীদ দিবসে সম্প্রীতি বাংলাদেশ এর শ্রদ্ধা নিবেদন
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
আওয়ামী লীগ ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে