November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মার্চ সহ ৬ মাসের বকেয়া পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক : নতুন বেতন কাঠামোতে মার্চ মাসের সঙ্গে আরও ৬ মাসের বকেয়া পাচ্ছেন এমপিওভুক্ত (সরকারি বেতন-ভাতার অংশ) শিক্ষক-কর্মচারীরা। এ জন্য সোমবার ২ হাজার ৫৩ কোটি ৫০ লাখ টাকা অর্থ ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ  সোমবার রাতে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অষ্টম বেতন কাঠামোর আওতায় আনতে বছরে আমাদের ৪ হাজার ১০৭ কোটি টাকা প্রয়োজন। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের বকেয়া দিতে অর্থ মন্ত্রণালয় ২ হাজার ৫৩ কোটি ৫০ লাখ টাকা ছাড় করেছে। শিক্ষকরা মার্চের সঙ্গে ছয় মাসের বকেয়া বেতন পাচ্ছেন।’

গত বছরের ১৫ ডিসেম্বর নতুন বেতন কাঠামোর গেজেট জারি করে সরকার। সেখানে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে কিছু বলা হয়নি। পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি করে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষকরাও ২০১৫ সালের ১ জুলাই থেকে নতুন স্কেলে বেতন পাবেন। সরকারি চাকরিজীবীরা গত জানুয়ারি থেকে বকেয়াসহ নতুন স্কেলে বেতন পাচ্ছেন।

বেতন কাঠামোর মূল বেতনের পুরোটাই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পেয়ে থাকেন সরকারের কাছ থেকে। সঙ্গে কিছু ভাতাও পান। নতুন বেতন কাঠামোর প্রায় সব গ্রেডেই বেতন বেড়ে দ্বিগুণ হয়েছে।

খসড়া ‘বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০১৫’ অনুযায়ী দেশের মোট ২৬ হাজার ৭৬টি প্রতিষ্ঠানের ৪ লাখ ৭৯ হাজার ২৮৫ শিক্ষক-কর্মচারী এমপিও পাচ্ছেন।

প্রতিষ্ঠানের মধ্যে স্কুল ১৬ হাজার ১০২, মাদ্রাসা ৭ হাজার ৬১১ ও কলেজ রয়েছে ২ হাজার ৩৬৩টি।

এমপিওপ্রাপ্তদের মধ্যে শিক্ষক তিন লাখ ৭৭ হাজার ৫৬৮ জন ও কর্মচারী এক লাখ এক হাজার ৭১৭ জন।