October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে

ডেস্ক  প্রতিবেদন : টি২০ বিশ্বকাপ ক্রিকেটের চলমান আসর থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। অন্যদিকে, শুক্রবার পাকিস্তানকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল অস্ট্রেলিয়া।

এদিন দুপুরে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হয়েছিল বেলা সাড়ে ৩টায়। মোহালির মাঠে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়ানরা। ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে ১৯৪ রানের বিশাল টার্গেট দাঁড়িয়েছিল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তুলতে সক্ষম হয়েছে পাকিস্তানিরা।

রান তাড়া করতে নেমে দলীয় ২০ রানে ওপেনার আহমেদ শেহজাদের উইকেট হারায় পাকিস্তান। এরপর ৪০ রানে বিদায় নেন ১৯ বলে ৩০ রান করা ওপেনার শারজিল খান। তবে উমর আকমল ও খালিদ লতিয়ের তৃতীয় উইকেট জুটিতে দ্রুত লয়ের ৪৫ রান পাকিস্তানিদের আশা জাগিয়েছিল। কিন্তু আকমল ২০ বলে ৩২ রান করে আউট হলে ফের ধাক্কা খায় তারা। শেষ অব্দি লতিফের ৪১ বলে ৪৬ রান ও শোয়েব মালিকের ২০ বলে হার না মানা ৪০ রানের ইনিংসও পাকিস্তানকে জেতাতে পারেনি।

অস্ট্রেলিয়ার পক্ষে এ দিন সফল বোলার ছিলেন পেসার জেমস ফকনার। ৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে দু’বার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুললেও অবশ্য শেষ অব্দি হ্যাটট্রিক করা হয়নি তার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৮ রানে ফর্মে থাকা ওপেনার উসমান খাজাকে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাকে সাজঘরে ফিরিয়েছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। দলীয় ৪২ রানে ডেভিড ওয়ার্নারকেও হারায় অস্ট্রেলিয়ানরা। তাকেও আউট করেছেন ওয়াহাব রিয়াজ। এরপর পাকিস্তান স্পিনার ইমাদ ওয়াসিম অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারোন ফিঞ্চকে আউট করলে৫৭ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে অধিনায়ক স্মিথ ও হার্ড হিটার গ্লেন ম্যাক্সওয়েলে জুটি প্রতিরোধ গড়ে তোলেন। ১৮ বলে ৩০ রান করে ম্যাক্সওয়েল আউট হলেও স্মিথ শেষ অব্দি ৪৩ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গী শেন ওয়াটসন ২১ বলে ৪৪ রান করে অপরাজিত ছিলেন। এই জুটিতে মাত্র ৬.২ ওভারে ৭৪ রান পেয়েছে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছিলেন পেসার ওয়াহাব রিয়াজ ও স্পিনার ইমাদ ওয়াসিম।

আসরে অস্ট্রেলিয়ার এটি ছিল তৃতীয় ম্যাচ। আগের দুটি ম্যাচের একটিতে হার ও একটি জয় পেয়েছিল তারা। ফলে শুক্রবারের ম্যাচ শেষে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রিুপ টেবিলের তৃতীয়স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ৪ ম্যাচে মাত্র ১টি জয়ের সুবাদে মাত্র ২ পয়েন্ট পাওয়ায় আসর থেকে বিদায় নিতে হয়েছে শহিদ আফ্রিদির পাকিস্তানকে।

এই গ্রুপ (গ্রুপ ২) থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছে টেবিলের শীর্ষে থাকা নিউজিল্যান্ড। সেমিফাইনালে দৌড়ে লড়াইটা এখন তাই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে। আগামী ২৭ মার্চ চন্ডিগড়ে মুখোমুখি হবে এই দুই দল। ওই ম্যাচের জয়ী দলের হাতে উঠবে সেমির টিকিট। আর কোনো কারণে যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে রান গড়ে এগিয়ে থাকায় স্বাগতিক ভারতকে হতাশ করে অস্ট্রেলিয়ানরা পাবে সেই টিকিট।