ডেস্ক প্রতিবেদন : ইংরেজি শেখানোর মাধ্যমে ‘দক্ষ হ্যাকার তৈরি’র বিতর্কিত বিজ্ঞাপন দিয়ে সমালোচিত কোচিং সেন্টার ‘সাইফুরস’ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।
সচিবালয়ে বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা মনিটরিং কমিটির সভায় ওই বিজ্ঞাপনের কঠোর সমালোচনা করে ‘সাইফুরসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রী বলেন, ‘সাইফুরস নামে বিখ্যাত একটি কোচিং সেন্টার আছে। এ কোচিং সেন্টার একটি বিজ্ঞাপন দিয়েছে। সেই বিজ্ঞাপনে তারা বলেছে, ভাল ইংরেজি না জানতে পারলে ভাল লেখাপড়া করতে পারবে না, বিদেশে যেতে পারবে না। ভাল ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার হতে পারবে না। এমনকি ভাল হ্যাকারও হতে পারবে না।’
‘দেখুন হ্যাকার হওয়ার জন্য তার কাছে গিয়ে পড়তে হবে, বিজ্ঞাপন দিচ্ছে। এটা অবশ্যই বেআইনি, এটা (বিজ্ঞাপন) দিতে পারে না। আমরা তাদের (সাইফুরস) বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব’ বলেন সভায় সভাপতিত্ব করা শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘চিন্তা করে দেখেন এ কোচিং সেন্টার কত অধঃপতনে নেমেছে। সে কত মানুষকে বিভ্রান্ত করে আস্থা আর্জন করেছে, মানুষ হাজার হাজার টাকা খরচ করে সেখানে তার বাচ্চাকে পড়াচ্ছে।’
‘এমন একজন মানুষ যে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে বলছে যে ভাল হ্যাকার হতে হলে ভাল ইংরেজি শিখতে হবে। তাই সাইফুরসে এসে ভাল ইংরেজি শিখে যাও, ভাল চোর হয়ে যাবে। এ রকম লোকের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার না হই, তাহলে আমরা কিভাবে সমাজে থাকব।’
তিনে বলেন, ‘আমি বলতে বাধ্য হলাম। অবস্থা এ রকম পর্যায়ে চলে গেছে যে, এদের বিরুদ্ধে আমরা সহনশীল হতে পারি না। তারা আমাদের ছেলে-মেয়েদের প্রলোভন দেখাচ্ছেন ভাল ইংরেজি শিখলে চোর হতে পারবা, ভাল করে হ্যাকিং করতে পারবা।’
হ্যাকিং করে গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ৮০০ কোটি টাকা) সরিয়ে নেওয়া হয় শ্রীলঙ্কা ও ফিলিপাইনে।
এর মধ্যেই ‘English-এর ভুলে বাংলাদেশ ব্যাংকের ১৬০ কোটি টাকা হ্যাকারদের হাতছাড়া!’ শিরোনামে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে সাইফুরস।
বিবিসিকে উদ্ধৃত করে ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘হ্যাকিংকৃত ডলার শ্রীলংকাতে স্থানান্তরের সময় `Foundation’ শব্দকে `Fandation’ লেখাতে বিদেশী Deutsche ব্যাংকের সন্দেহ হয়। তারা বাংলাদেশ ব্যাংকেকে জানালে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এই ২০ মিলিয়ন ডলার স্থানান্তর বন্ধ করে দেয়।’
সাইফুরসে গিয়ে ইংরেজি শিখতে প্রলুব্ধ করে ওই বিজ্ঞাপনে আরো বলা হয়, ‘একইভাবে ইংরেজিতে দূর্বলতার কারণে… MBA, অফিসার, Lawyer (এমনকি দক্ষ হ্যাকার!) প্রভৃতি হতে হলে reading, রাইটিং, Speaking, লিসেনিং ও spelling সবকিছুতেই ভালো হওয়া জরুরী!’
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩ এপ্রিল
এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩ এপ্রিল। প্রকাশিত রুটিন অনুযায়ী এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন শেষ হবে।
পরীক্ষার প্রস্তুতির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার নিরাপত্তার বিষয়ে আমরা খুবই সতর্ক আছি। আমাদের বিভিন্ন বাহিনী অবস্থা মনিটর করছে, (প্রশ্ন ফাঁস করে) কেউ রেহাই পাবেন না। এটা পরিস্কার কথা।’
‘শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সঙ্গে, নকলমুক্ত পরিবেশে যথা সময়ে পরীক্ষা শেষ করতে পারব বলে আশা করছি। এ কনফিডেন্স (প্রত্যয়) আমাদের আছে।’
যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে বিজি প্রেস থেকে প্রশ্ন ফাঁসের আশঙ্কা একেবারেই নেই দাবি করে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘তাই বলে আমরা আত্মসন্তুষ্টিতে ভুগছি এমন নয়, আমরা আরো সিরিয়াস হয়েছি। নজরদারি অনেক বেশি জোরদার করা হয়েছে। বিজি প্রেসের সংশ্লিষ্টরা ও তাদের আত্মীয়-স্বজর আমাদের নজরদারিতে আছেন।’
সভায় শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিজি প্রেস, পুলিশ, র্যাব, ডিবির প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন আগামীকাল
ভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোকারীদের চিনে রাখতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী