October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি ফুটবলার ফজলুর রহমান আরজু আর নেই

নিজস্ব প্রতিবেদক :  রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি ফুটবলার ফজলুর রহমান আরজু আর নেই। মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর মঙ্গলবার চট্টগ্রামের হালিশহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে এ কিংবদন্তি ফুটবলারের বয়স হয়েছিল ৮৮ বছর। বুধবার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের দুপ্তারা গ্রামে তার দাফন হওয়ার কথা রয়েছে।

‘৫০ ও ’৬০-এর দশকে উপমহাদেশে খেলাধুলায় বিশেষ অবদান রাখায় তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত হন। চট্টগ্রাম কাস্টমসের ক্রীড়া সংগঠক হিসেবেও ক্রীড়া ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

১৯৪৯ সালে লিগ চ্যাম্পিয়ন ইপি জিমখানা দলের হয়ে শিরোপা জয়ের পেছনে তার একক নৈপুণ্যের অবদানই ছিল বেশি। ১৯৫১ সালে চ্যাম্পিয়ন হয় ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স ক্লাব, তিনি ছিলেন তখন ওই ক্লাবের খেলোয়াড় । ১৯৫২ সালে চ্যাম্পিয়ন হয় বিজি প্রেস। ১৯৫২ সালেই পাকিস্তানের জাতীয় ফুটবলের আসর বসে ঢাকায়। ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ফুটবল সে সময় ব্যাপক সাড়া জাগায়।

১৯৪৯ সাল থেকে ১৯৫৫ সাল পর্যন্ত যারাই আরজুর খেলা দেখেছেন, তাদের মতে, আরজু ছিলেন একজন অপ্রতিরোধ্য ফুটবলার, বল নিয়ে তার ছুটে চলার গতিকে আটকে দেওয়ার মতো তখনকার দিনে ঢাকার মাঠে কাউকে দেখা যায়নি। ১৯৫০ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত ঢাকার লিগ শিরোপা ছিল ওয়াল্ডারার্স ক্লাবের দখলে, আর ওই সময়টার ফুটবলের মাঠে রাজত্ব করে বেড়িয়েছেন আরজু। ‘৫৩ হতে ‘৫৫―এ তিন বছরওয়াল্ডারার্স চ্যাম্পিয়নের অন্যতম নায়কই ছিলেন আরজু। এরপর ‘৫৬ হতে ‘৫৮ সাল আরজু খেলেন ঢাকা মোহামেডানে। তার নেতৃত্বেই ১৯৫৭ সালে প্রথমবারের মতো লিগ শিরোপা লাভ করে মোহামেডান। যদিও ’৫১ সালে আরজুর ঢাকা লিগের সূচনাটা ছিল ওয়ারী ক্লাবের হয়ে। এর ফাঁকে আজাদের হয়ে আগাখান গোল্ড কাপও খেলেছিলেন। কলকাতার আইএফএ শিল্ডও খেলেছেন ওয়ারী ও ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে।

১৯৫৫ সালে ওয়ান্ডারার্স ছেড়ে যোগ দেন মোহামেডানে। সেখানে তার অধিনায়কত্বে প্রথম বছর লিগ রানার্সআপ হয় সাদা-কালোরা। টানা তিন বছর মোহামেডানে খেলার পর ১৯৫৮ সালে অবসরে যান আরজু। খেলা ছেড়ে দেওয়ার পর তিনি খেলোয়াড় গড়ার কাজে মন দেন। অবসর নেওয়ার পর সেনাবাহিনী, নৌবাহিনী, বিকেএসপি ও ফৌজদারহাট ক্যাডেট কলেজে ফুটবল প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন আরজু।