November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিএনপি কাউন্সিল শুধু একটি কমিটি গঠনের জন্য নয়, বিনির্মাণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি কাউন্সিল শুধু একটি কমিটি গঠনের জন্য নয়, বরং এর মাধ্যমে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কাউন্সিলে বিএনপি নেত্রীর বক্তব্যের মধ্য দিয়ে পরিকল্পনা উঠে এসেছে। এই পরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। বিশ্বায়নের এই যুগে দেশকে সমৃদ্ধ ও উন্নত করতে এই কাউন্সিল বিশাল ভুমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রূপকল্প ২০৩০ ভিশন সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় কাউন্সিলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্যকে ‘অতি গুরুত্বপূর্ন’ অভিহিত করে তাকে ধন্যবাদ জানান গয়েশ্বর।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যেভাবে দলের নেতাকর্মীরা কাউন্সিল সফল করেছে সেভাবে স্বাধীনতা দিবসের কর্মসূচিও সফল করতে হবে। কারণ বিএনপির আন্দোলন চলমান রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই আন্দোলন চলছে। এসব কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমানের বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

কাউন্সিল সফল করার জন্য বিএনপি এবং দলের ঢাকা মহানগর শাখার নেতাদের ধন্যবাদ জানান গয়েশ্বর।

দলের ষষ্ঠ কাউন্সিলে চেয়ারপারসন পদে খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় সভায়।

একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলসহ নেতাকর্মীদের মুক্তি ও তাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে আবুল খায়ের ভুঁইয়া, কাজী আবুল বাশার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।