নিজস্ব প্রতিবেদক : : ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল উদ্বোধন করলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলের ভেন্যুতে শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে উপস্থিত হয়ে পৌনে ১১টায় জাতীয় পতাকা তুলে কাউন্সিল উদ্বোধন করেন তিনি। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় পতাকা উত্তোলন করেন। এ ছাড়া বেলুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন খালেদা জিয়া।
উদ্বোধনের পর কাউন্সিলের প্রথম অধিবেশনে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন খালেদা জিয়া। এর আগে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
কাউন্সিলের উদ্বোধনের সময় শিল্পী বেবী নাজনিন, রিজিয়া পারভীনসহ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নেতাকর্মীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মী জাতীয় সংগীতে কণ্ঠ মেলান।
এদিকে ভোর থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দিকে আসতে শুরু করেন দলের কাউন্সিলর, ডেলিগেট এবং নেতাকর্মীরা। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় জনসমুদ্রে। নেতাকর্মীদের মাঝে উল্লাস দেখা গেছে।
বিএনপি নেতাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ড. আবদুল মঈন খান।
এ ছাড়া দর্শক সারিতে উপস্থিত আছেন- বিএনপি নেতাদের মধ্যে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, ড. ওসমান ফারুক, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রমুখ।
২০ দলীয় জোটের শরিক দলের নেতাদের মধ্যে উপস্থিত আছেন- এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।
এ ছাড়া উপস্থিত আছেন- বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও উপস্থিত রয়েছেন।
১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পর প্রথম কাউন্সিল হয়। দ্বিতীয় কাউন্সিল হয় ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে। আর এর আট বছর পর ১৯৮৯ সালের ৮ ও ৯ মার্চ অনুষ্ঠিত হয় দলটির তৃতীয় কাউন্সিল। ১৯৯৩ সালের ১, ২ ও ৩ সেপ্টেম্বর বিএনপি চতুর্থ কাউন্সিল করে। সর্বশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর হয় পঞ্চম কাউন্সিল।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী