আদালত প্রতিবেদক : অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের নতুন ঠিকানায় আবারও আত্মসমর্পণের সমন পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন ৩১ মার্চ।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার বিকেলে এ আদেশ দেন।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আর তারেক রহমানের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।
পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘লন্ডন হাইকমিশন থেকে হাইকোর্টে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। যে ঠিকানায় তারেক রহমানের নামে নোটিশ পাঠানো হয়েছে, সেই ঠিকানায় তিনি এখন নেই। পরে তার নতুন ঠিকানায় আবারও সমন পাঠানোর নির্দেশ দিয়ে আদেশের জন্য নতুন এই দিন ধার্য করেছেন আদালত।
এর আগে ৩ মার্চ শুনানি শেষে (১৬ মার্চ) এ বিষয়ে আদেশের জন্য ১৬ মার্চ দিন ধার্য করেছিলেন আদালত। গত ২৯ ফেব্রুয়ারি তারেক রহমানের লন্ডনের ঠিকানায় সিএমএম আদালত থেকে সমন পাঠিয়েছেন। এ কারণে আদালত ন্যায়বিচারের স্বার্থে ১৬ মার্চ পরবর্তী আদেশের দিন ধার্য করেন।
প্রসঙ্গত, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ২০০৯ সালের ২৬ অক্টোবর তারেক রহমানের নামে একটি মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়েছে, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াস উদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এ টাকা লেনদেন হয়।
এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন। এ টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এই মামলায় তারেক রহমানকে ২০১৩ সালের ১৭ নভেম্বর বেকসুর খালাস দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। আর তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে অর্থপাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড দেন।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি মামুনকে ৪০ কোটি টাকা জরিমানাও করা হয়। পাচার করা ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন আদালত।
এ রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ ডিসেম্বর আপিল করে দুদক। ২০১৪ সালের ১৯ জানুয়ারি এ আপিল শুনানির জন্য গ্রহণ করে তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট। কিন্তু তিনি এখনো আত্মসমর্পণ করেননি।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা