নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় সুপ্রিম কোর্ট এলাকাসহ রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রায়কে কেন্দ্র করে মঙ্গলবার (০৮ মার্চ) সকাল সাড়ে ৭টার পর কোর্ট এলাকায় অবস্থান নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর চূড়ান্ত রায় ঘোষণার পর তা আরও জোরদার করা হয়।
এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আদালতের আশেপাশেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো। এ ছাড়া রাজধানীর পল্টন, গুলিস্থান, শাহাবাগ, বণিজ্যিক এলাকা মতিঝিল, দৈনিক বাংলা, আরামবাগ, মগবাজার, মালিবাগসহ আরও বেশ কিছু এলাকায় পুলিশ সদস্য অবস্থান করতে দেখা গেছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার বলেন, সব সময় যে কোনো রায়কে কেন্দ্র করে ডিএমপি থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। আজও (মঙ্গলবার) তার ব্যতিক্রম নয়। সুপ্রিম কোর্টেসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ সদস্য সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিমকোর্টে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেকের দেহ ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে।
তিনি বলেন, বিশেষ করে সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট এবং বার কাউন্সিলের গেটে সাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার পর মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ-১ মঙ্গলবার সকালে এ রায় বহাল রাখেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন—সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী, মির্জা হোসেইন হায়দার ও মোহাম্মদ বজলুর রহমান।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত