ডেস্ক প্রতিবেদন : ছয় বছর পর আবার ৯ মার্চ কলকাতা থেকে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। কলকাতার জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, ৯ মার্চ আসলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে কলকাতা-সহ দেশের বেশির ভাগ অঞ্চল (পশ্চিম এবং উত্তর-পশ্চিমের কিছু রাজ্য) থেকে এটি আংশিক সূর্যগ্রহণ হিসেবেই দেখা যাবে।
৯ মার্চ সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে। তার ১৭ মিনিটের মধ্যেই চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্যের প্রায় ১৮ শতাংশ। অর্থাত্, সূর্য এবং পৃথিবীর ঠিক মাঝখানে এসে পড়বে চাঁদ। গ্রহণ চলবে প্রায় এক ঘণ্টা সময় ধরে। কলকাতায় গ্রহণ শেষ হবে ভোর ৬টা ৫০ মিনিটে। যদিও সূর্যকে ঢেকে ফেলায় কলকাতাকে পিছনে ফেলেছে আন্দামান নিকোবর দ্বীপ এবং ভুবনেশ্বর। আন্দামান থেকে যে সূর্যগ্রহণ দেখা যাবে তাতে ঢাকা পড়বে সূর্যের অর্ধাংশ। আবার ভুবনেশ্বরে ঢাকা পড়বে সিকিভাগই। আগরতলা, আইজলে ১৫ শতাংশ, ইম্ফল ও শিলচরে ১৩ শতাংশ, গয়াতে ১৪ শতাংশ এবং গুয়াহাটিতে সূর্যের ১১ শতাংশ ঢাকা পড়বে চাঁদের আড়ালে।
এই গ্রহণ আদতে পূর্ণগ্রাস। পূর্ণগ্রাসের পথটি যাবে সুমাত্রা, বোর্নিও, ইন্দোনেশিয়ার কিছু অংশ এবং উত্তর প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। কলকাতায় শেষ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০১০ সালের ১৫ জানুয়ারি। বলয়গ্রাসের হলেও আংশিক ভাবেই তা দেখা গিয়েছিল কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে। ৯ মার্চের পর আবার ২০১৯ সালের ২৬ ডিসেম্বর দেখা যাবে সূর্যগ্রহণ। এটিও বলয়গ্রাস গ্রহণ। তবে আংশিক গ্রহণ হিসেবেই দেখা যাবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে।
খালি চোখে গ্রহণ দেখার বিপদ এড়াতে কালো পলিমার লেন্স বা ওয়েল্ডিং কাচের মাধ্যমেই গ্রহণ দেখার পরামর্শ দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।