দেশের পুরোধা নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের জন্মদিন সোমবার ২৯ ফেব্রুয়ারি।আগামী ২৯ ফেব্রুয়ারি ৬৮ বছরে পা রাখবেন গুণী এই নাট্যব্যক্তিত্ব। বয়স ৬৮ হলেও জন্মদিন তার ১৭তম।
ইংরেজি লিপিয়ারের হিসাবমতে প্রতি চার বছর পর পর ক্যালেন্ডারের পাতায় আসে ২৯ ফেব্রুয়ারি। তাই চার বছর পর পর আসে মামুনুর রশীদের জন্মদিন। এবারের ৬৮তম বছরের ১৭তম জন্মদিনটিকে রঙিন করে উদযাপন করবেন সংস্কৃতিকর্মীরা। এজন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে আহ্বায়ক ও আক্তারুজ্জামানকে সদস্য সচিব করে মামুনুর রশীদের জন্মদিন উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির উদ্যোগে সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজন করা হয়েছে ‘সাম্য ও শিল্পের কারিগর মামুনুর রশীদ জন্মজয়ন্তী’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান। এতে দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হবেন মামুনুর রশীদ।
অনুষ্ঠান প্রসঙ্গে আক্তারুজ্জামান বলেন, ‘আলোচনা, ফুলেল শুভেচ্ছা, স্মৃতিচারণ এবং মামুনুর রশীদের সৃজনকর্ম দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান। দেশের গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।’
জন্মদিন প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘চার বছর পর পর জন্মদিন আসে, বিষয়টি দারুণ উপভোগ করি। প্রতি বছর জন্মদিনের ঝামেলা হয় না। সবাইকে কষ্ট করে প্রতি বছর আসতে হয় না। চার বছরে এক দিন সবাই আসে এবং শুভেচ্ছা জানায়। মজা লাগে যখন দেখি বয়সে বৃদ্ধদের তালিকায় চলে গেলেও জন্মদিনে আমি এখনো তরুণ। বয়স আমার ৬৮, কিন্তু ১৭তম জন্মদিন।’

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী