ডেস্ক প্রতিবেদন: ব্রাজিলে জিকা ভাইরাসে আক্রান্ত মায়ের গর্ভে জন্ম নেয়া যমজ শিশুর একটি মাইক্রোসেফালি বা ছোট মাথা নিয়ে ভূমিষ্ঠ হলেও অপর শিশুটি স্বাভাবিক। এ ঘটনাকে জিকা ভাইরাস প্রতিরোধের গবেষণায় নতুন দিক নির্দেশনা হিসেবে কাজ করতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। জিকার প্রাদুর্ভাব ঠেকাতে, প্রয়োজনীয় কর্মসূচী বাস্তবায়নে আগামী জুনের মধ্যে সাড়ে আট কোটি মার্কিন ডলারের প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ব্রাজিলের এডসন-কাসিয়ান দম্পতির ঘরে দুই মাস আগে জন্ম হয় দুই যমজ সন্তানের। তাদের একটি পুত্র আর অপরটি কন্যা সন্তান। পুত্র সন্তানটি সুস্থভাবে জন্মালেও কন্যার জন্ম হয় ছোট মাথা বা মাইক্রোসেফালি নিয়ে।
জিকা আক্রান্ত মা কাসিয়ানকে প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্যসেবা দেয়া হলেও মাইক্রোসেফালির আক্রমণ থেকে বাঁচানো যায়নি তার গর্ভের কন্যা শিশুটিকে।
শিশুটির মা কাসিয়ান বলেন, ‘সন্তানের অসুস্থতার বিষয়টি প্রথম প্রথম মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল আমার। তবে, আমার স্বামী সবসময় আমার পাশে থেকে সাহস জুগিয়ে যাচ্ছে। আমাকে বারবার আশ্বস্ত করছে, আমাদের কন্যা সম্পূর্ণ ঠিক আছে।’
শিশুটির বাবা বলেন, ‘একই মায়ের গর্ভে থাকা দুই শিশুর একটি কেমন করে মাইক্রোসেফালিতে আক্রান্ত হলো-তা একটি ভালো গবেষণার বিষয় হতে পারে।’
ব্রাজিলে মাইক্রোসেফালিতে আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় ৪ হাজার হলেও যমজ শিশুর বেলায় এমন ঘটনা প্রথম বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যকর্মীরা। ভ্রূণ অবস্থায় দুই শিশুর গর্ভফুল ভিন্ন হওয়ায় একটি শিশু নিরাপদ থেকেছে বলে ধারণা তাদের।
স্বাস্থ্যকর্মী দেনিয়েল ক্রুজ বলেন, ‘এখন আমাদের গবেষণা করে দেখতে হবে দুই শিশুর আলাদা আলাদা গর্ভফুলে কোন উপাদানের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে ভাইরাস একটি শিশুর দেহে পৌঁছাতে পেরেছে আর অন্যটির দেহে পারেনি।’
এদিকে, মশার প্রজনন ঠেকাতে ডোবা, পুকুর ও নর্দমায় গাপ্পি নামে বিশেষ প্রজাতির কীটভুক মাছ ছাড়ার উদ্যোগ নিয়েছে ব্রাজিলের রিও নগরীর স্বাস্থ্যবিভাগ। দুর্গন্ধযুক্ত নর্দমা এমনকি পয়:নিষ্কাশন নালাতে এডিস মশার লার্ভা ধংসে এই উদ্যোগ বেশ কার্যকরী হবে বলে আশা তাদের।
জিকার সংক্রমণ রোধে প্রাথমিক পর্যায়ের প্রতিষেধক, রোগ সনাক্তকরণ ও গবেষণার জন্য আগামী জুন মাসের মধ্যে ৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। আর আঞ্চলিক সমন্বয়কেন্দ্র স্থাপনে আরও আড়াই কোটি মার্কিন ডলার দরকার হবে বলে জানায় সংস্থাটি।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।