নিজস্ব প্রতিবেদক : হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামকে ঋণ কেলেঙ্কারির দুই মামলায় অভিযুক্ত করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা বুধবার এ আদেশ দেন।
দুদক ও কোর্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৭ জুন সোনালী ব্যাংকের হোটেল শেরাটন করপোরেট শাখায় (বর্তমানে রূপসী বাংলা) ঋণ জালিয়াতি-সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরেই দুই দফায় বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ জালিয়াতি-সংক্রান্ত দুটি প্রতিবেদন দুদকে পাঠানো হয়। যাতে হল-মার্ক গ্রুপ ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট তিন হাজার ৬৯৯ কোটি ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
অনুসন্ধান শেষে ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় হল-মার্ক গ্রুপ কর্তৃক ফান্ডেড এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে ১১টি মামলা করে দুদক।
মামলাগুলোয় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ডিজিএম এ কে এম আজিজুর রহমানসহ মোট ২৭ জনকে আসামি করা হয়। আজিজুর রহমানসহ দু’জন মারা যাওয়ায় ২০১৩ সালের ৬ অক্টোবর ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে কমিশন।
আদালত সূত্র জানায়, আসামির মধ্যে হল-মার্কের এমডি তানভীরসহ ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। গ্রুপের চেয়ারম্যান জেসমিন ও ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন জামিনে আছেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা