November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অতুল প্রসাদের স্মৃতিবিজরিত বাড়িটি বেদখলে

‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’ কালজয়ী এ গানটি উৎসাহ যুগিয়েছিল ৫২’র ভাষা আন্দোলনের লড়াকু ভাষা সৈনিকদের। গানটির গীতিকার ও সুরকার অতুল প্রসাদ সেন, যার শৈশব কেটেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে।

রক্ষণাবেক্ষণের অভাবে তার স্মৃতিবিজরিত বসত বাড়িটি আজ বেদখল।

পেশায় আইনজীবী হলেও গানের প্রতি একটু বেশিই আগ্রহী ছিলেন অতুল প্রসাদ সেন। গান লেখা, সুর করা ও গাওয়া সবক্ষেত্রেই ছিলেন দক্ষ, ২০৮টি গানের স্রষ্টা তিনি। এসব গানের মূল বিষয় দেশপ্রেম, ভক্তি ও প্রেম।

এমনি একটি গান ‘মোদের গরব মোদের আশা- আ মরি বাংলাভাষা’, যা শুধু ভাষা আন্দোলনই নয়, মুক্তিযোদ্ধাদেরও করেছে বেগবান।

১৮৭১ সালের ২০ অক্টোবর জন্মগ্রহণের পর অতুল বড় হয়েছেন দাদাবাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মগর গ্রামে। এখানেই কেটেছে তার শৈশব, আর লন্ডনে ব্যস্ত সময় কেটেছে ব্যারিস্টারি পড়া নিয়ে। এর মধ্যেই চলেছে বাংলা গানের চর্চা।

তার মৃত্যুর পর বাড়িটি চলে গেছে বেদখলে। নষ্ট হয়েছে সব স্মৃতিচিহ্নই।

দীর্ঘ সময় পর হলেও তার জন্মস্থানে একটি ম্যুরাল নির্মাণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

১৯৩৪ সালের ২৬ আগস্ট ভারতের লখনৌতে শেষ নিশ্বাস ত্যাগ করেন অতুল প্রসাদ সেন। পরবর্তী প্রজন্মের কাছে বাংলা সাহিত্য তার অবদান তুলে ধরার পাশাপাশি বসতবাড়িটি উদ্ধারের দাবি জানিয়েছে শরীয়তপুরবাসী।