October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এনটিভিতে ‘আকাশের ওপারে আকাশ’

নিজস্ব প্রতিবেদক : শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘আকাশের ওপারে আকাশ’। এনটিভিতে নাটকটি প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে। আবুল হায়াত ও কামরুল আহসানের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত।

নাটকটিতে দেখা যাবে ‘কাউন্সেলি সাইকোলজির ওপর উচ্চতর গবেষণা করার জন্য ফারজানা গিয়েছিল আমেরিকা। পড়াশোনা শেষ করে ওখানেই থেকে গিয়েছিল। ওখানকার একটা ইউনিভার্সিটিতে পড়াতো। ভালবেসে বিয়ে করেছিল রায়হানকে। রায়হানও ওখানকার একটা ইউনিভার্সিটিতে পড়ায়। বিয়ের পর পরই রায়হানের সাথে ফারজানার সৃষ্টি হয় তীব্র ব্যক্তিত্বের সংঘাত। মূলত এ ব্যক্তিত্বের সংঘাত সাংস্কৃতিক। রায়হান কথায় কথায় বাংলাদেশকে ছোট করে কথা বলে। ফারজানা বার বার বাংলাদেশে চলে আসতে বললেও রায়হান কিছুতেই রাজি হয় না। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকে অভিনয় করেছেন— আবুল হায়াত, সৈয়দ হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ খান, মুরাদ পারভেজ, শর্মিলী আহমেদ, দিলারা জামান, লায়লা হাসান, শমী কায়সার, নাজনীন হাসান চুমকি, জেনী, তানজিকা, রীনা রহমান প্রমুখ।