November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সম্পর্ক ছিন্ন হওয়ায় প্রেমিকার আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি : প্রেমের সম্পর্ক ছিন্ন হওয়ায় বিশ্ব ভালবাসা দিবসে বিষপান করে স্মৃতি ঘরামী নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মন্টু ঘরামীর মেয়ে ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী স্মৃতি ঘরামীর (১৭) সাথে প্রতিবেশী বিজয় রায়ের পুত্র রামকৃষ্ণ রায়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছিলো। রাম কৃষ্ণ ঢাকায় পড়াশুনার পাশাপাশি একটি বেসরকারি কোম্পানীতে কর্মরত রয়েছেন। তিন দিন আগে সরস্বতী পূজা উপলক্ষে রামকৃষ্ণ বাড়ি আসেন। শনিবার বিকেলে রামকৃষ্ণ স্মৃতির সাথে ভালবাসার সম্পর্ক ছিন্ন করে। এতে অভিমান করে ওই রাতেই স্মৃতি ঘরে থাকা কীটনাশক পান করে। মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজনে স্মৃতিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে স্মৃতির মৃত্যু হয়।

আগৈলঝাড়া থানার এসআই আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এসআই কাশেম নিহত স্মৃতির বাবার বরাত দিয়ে আরও জানান, স্মৃতি বিষপানের আগে দু’টি চিরকুট লিখে রেখে গেছে। তাছাড়া তার মোবাইল ফোনেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। স্মৃতির পরিবার মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও এসআই উল্লেখ করেন।